দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা রুখতে চিকিৎসকরা রাজপথে রয়েছেন বলে মন্তব্য করেছেন ফরিদপুর ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক কমিটির আহ্বায়ক ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ফরিদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান শামীম ।
দেশে চলমান বিশৃঙ্খলা, অগ্নিসংযোগ, অনৈক্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আজ (রবিবার, ২২ নভেম্বর) দুপুর ১২ টায় ফরিদপুরে প্রতিবাদী মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ফরিদপুর জেলা শাখা।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ফরিদপুর জেলা শাখার সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীম কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে বলেন, ‘দেশকে বিশৃঙ্খল করার অপচেষ্টা রুখতে চিকিৎসকরা রাজপথে নেমেছে।’ দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, চিকিৎসকরা সাধারণত রোগীদের সেবায় নিয়োজিত থাকেন। কিন্তু দেশের সংকটময় মুহূর্তে দায়িত্ববোধ থেকেই তাঁদের রাজপথে দাঁড়াতে হয়েছে।তিনি আরও বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ১৯৯০ সালের গণঅভ্যুত্থানসহ জাতির প্রতিটি গুরুত্বপূর্ণ সংকটময় সময়ে চিকিৎসক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশের বর্তমান পরিস্থিতিতেও চিকিৎসকরা নীরব থাকতে পারেন না।
বক্তারা অভিযোগ করে বলেন, একটি মহল দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা, অনৈক্য, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটাচ্ছে। এতে দেশের স্বাভাবিক পরিস্থিতি ব্যাহত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।তাঁরা ফরিদপুরে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় ঘুমন্ত অবস্থায় চালকের মর্মান্তিক মৃত্যুর কথা উল্লেখ করেন। পাশাপাশি সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জ, মুকসুদপুর ও নড়াইলে প্রাণহানি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা এবং থানা লুটপাটের ঘটনার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন।
এ ছাড়া ড্যাবের ঢাকা বিভাগীয় কমিটির আহ্বায়ক ও সংসদ সদস্য কে এম বাবরের বাড়ি ও ক্লিনিকে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ তুলে এর নিন্দা জানান তাঁরা।বক্তারা বলেন, ফরিদপুরের মানুষ শান্তিপ্রিয় ও গণতন্ত্রকামী। তাঁরা কোনো ধরনের সন্ত্রাস, সহিংসতা কিংবা নৈরাজ্য সমর্থন করেন না। যারা এসব কর্মকাণ্ডে জড়িত, তাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইনানুগ পথে চলার আহ্বান জানান তাঁরা। অন্যথায় সাধারণ মানুষ তাদের প্রত্যাখ্যান করবে বলেও মন্তব্য করেন বক্তারা।
এ সময় সুশীল সমাজের প্রতিনিধিদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের চিত্র জনসমক্ষে তুলে ধরার অনুরোধ জানান বক্তারা।
কর্মসূচিতে ড্যাব ফরিদপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ডা. এ এফ এম কামাল সঞ্চালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সৈয়দ আসিফ-উল আলম, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. খান মুহাম্মদ আরিফ সহ ড্যাবের যুগ্ম আহ্বায়ক ডা. আলামিন সারোয়ার, ডা. শাকি খান ও ডা. নুরুল ইসলাম খান রানা, ফরিদপুর মেডিকেল কলেজ শাখা ড্যাবের নেতা ডা. মিজানুর রহমান মিজান, ডা. মৃধা মোহাম্মদ শাহিনুজ্জামান, ডা. ফজলুল হক শোভন।
কর্মসূচির শেষে উপস্থিত চিকিৎসক, কর্মচারী ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে দেশকে শান্তিপূর্ণ, সুন্দর ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।


