সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ফরিদপুরের ধলার মোড়ে অনুষ্ঠিত হয়েছে ‘স্বাস্থ্যসেবা ক্যাম্প-২০২৬’।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলা প্রশাসন ও ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত ক্যাম্পের উদ্বোধন করেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তৃণমূল পর্যায়ে মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
চৌধুরী নায়াব ইউসুফ বলেন, সাধারণ মানুষের হাতের নাগালে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া তাদের অন্যতম প্রধান লক্ষ্য। গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের ক্যাম্প কার্যকর ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে ক্যাম্পে স্থানীয় লোকজনকে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। আয়োজকেরা জানান, প্রত্যন্ত এলাকার মানুষের কাছে সহজে চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। জনকল্যাণে এ ধরনের কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন। ভবিষ্যতে এ ধরনের সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত ও নিয়মিত করার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা, প্রশাসনের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা এবং স্বাস্থ্যসেবা নিতে আসা বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
এর পরে সংসদ সদস্য দুপুরে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা মাল্টিপারপাস হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। ফরিদপুর সদর উপজেলায় রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার ২২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। সরিষা, মসুর ও খেসারির উৎপাদন বাড়াতে এ সহায়তা দেওয়া হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রণোদনা কর্মসূচির আওতায় তিনটি ক্যাটাগরিতে মোট ৪ হাজার ২২০ জন কৃষককে এ সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে ৩ হাজার ২০০ জন কৃষককে প্রত্যেককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। ৮৫০ জন কৃষক পেয়েছেন ৫ কেজি মসুরের বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার। এ ছাড়া ১৭০ জন কৃষককে ৮ কেজি খেসারির বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।

