রাজবাড়ীর গোয়ালন্দঘাটে অভিযান চালিয়ে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ছয় লাখ টাকা।
আজ (রোববার, ২২ নভেম্বর) সকাল ৭টা ৫ মিনিটের দিকে গোয়ালন্দঘাট থানার সোহরাব মণ্ডলপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসআরবি-১০-এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে। আটক তুহিন মোল্লা সোহরাব মণ্ডলপাড়া এলাকার ভানু মোল্লার ছেলে।
এসআরবি সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। এ ছাড়া গোয়ালন্দঘাট থানায় দায়ের করা একটি মাদক মামলার এজাহারনামীয় আসামি তিনি। অভিযানে তাঁর কাছ থেকে উদ্ধার করা ২০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। পরে আটক ব্যক্তি ও জব্দ করা মাদকদ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এসআরবি-১০ জানায়, মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।


