Tuesday, 1 September 2026
  • Home  
  • ঘুষ না দেয়ায় ঠিকাদারের হাত ভাঙলেন পৌর কর্মকর্তা
- জেলার খবর - বিশেষ প্রতিবেদন

ঘুষ না দেয়ায় ঠিকাদারের হাত ভাঙলেন পৌর কর্মকর্তা

প্রায় আড়াই কোটি টাকা মূল্যের উন্নয়ন প্রকল্পের কাজে ১২ শতাংশ ঘুষ না দেয়ায় ঠিকাদারকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে ফরিদপুরের নগরকান্দা পৌরসভার কর্মকর্তার বিরুদ্ধে। ঘটনার পর হাসিবুল হাসান আব্দুল্লাহ নামে ওই ঠিকাদারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে নগরকান্দা পৌরসভা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কক্ষে এ […]

প্রায় আড়াই কোটি টাকা মূল্যের উন্নয়ন প্রকল্পের কাজে ১২ শতাংশ ঘুষ না দেয়ায় ঠিকাদারকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে ফরিদপুরের নগরকান্দা পৌরসভার কর্মকর্তার বিরুদ্ধে। ঘটনার পর হাসিবুল হাসান আব্দুল্লাহ নামে ওই ঠিকাদারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে নগরকান্দা পৌরসভা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কক্ষে এ ঘটনা ঘটে। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সন্ধ্যায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সৈয়দা জাহানারা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী এবং উপজেলার জুঙ্গুরদী গ্রামের বাসিন্দা।

জানা যায়, সৈয়দা জাহানারা এন্টারপ্রাইজের মাধ্যমে নগরকান্দা পৌরসভার ‘গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প (২য় পর্যায়) (১ম সংশোধিত) এর আওতায় ৩টি প্যাকেজের সড়ক ঢালাইয়ের কাজ পান হাসিবুল হাসান আব্দুল্লাহ। যার মূল্য নির্ধারণ করা হয় ২ কোটি ৩৫ লাখ টাকা। যা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা হয়। সবশেষ এই কাজের এক কোটি দুই লাখ টাকার বিল অনুমোদন হলেও আটকে রাখা হয়।

বিল ছাড়ের জন্য পৌর প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবির তার কাছে ১৫ শতাংশ ঘুষ দাবি করেন। তাতে আপত্তি জানালে সর্বশেষ ১২ শতাংশ ঘুষ দাবি করেন। এর মধ্যে গত ১০ আগস্ট প্রশাসনিক কর্মকর্তা হুমায়ন কবিরকে পাঁচ লাখ টাকা দিয়েছেন বলে জানান ঠিকাদার। পরবর্তীতে ওই কমিশনের আরও ৭ লাখ টাকা দাবি করে বিল আটকে রেখে তাকে হয়রানি করা হচ্ছিল বলে অভিযোগ ঠিকাদারের।

কাজের বিল চূড়ান্ত অনুমোদন হওয়ার পরেও চেক আটকে রেখে ওই টাকা দাবি করা হয়। চাহিদা অনুযায়ী টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবির ও তাঁর সহযোগী মোসলেম উদ্দিন লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন ঠিকাদার হাসিবুল হাসান আব্দুল্লাহকে এমন অভিযোগ করেন তিনি।

ঠিকাদার হাসিবুল হাসান আব্দুল্লাহ জানান, ২০২৩ সালে আইইউআইডিপি প্রকল্পের আওতায় ৩টি সড়কের আরসিসি ঢালাইয়ের কাজ করা হয়। ওই কাজের এক কোটি দুই লাখ টাকার বিল আট মাস আগে অনুমোদন হলেও তা আটকে রাখা হয়েছে।

বিল ছাড়ের জন্য পৌর প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবির তার কাছে ১৫ শতাংশ ঘুষ দাবি করেন। তাতে আপত্তি জানালে সর্বশেষ ১২ শতাংশ ঘুষ দাবি করেন। এর মধ্যে গত ১০ আগস্ট প্রশাসনিক কর্মকর্তা হুমায়ন কবিরকে পাঁচ লাখ টাকা দিয়েছেন বলে তিনি জানান। পরবর্তীতে ওই কমিশনের আরও ৭ লাখ টাকা দাবি করে বিল আটকে রেখে তাকে হয়রানি করা হচ্ছিল।

বিলের অনুমোদন এবং চেকও রেডি হয়ে । কিন্তু আরও ৭ লাখ টাকা না দেওয়ায় আমাকে ঘুরাতে থাকে। বিলের টাকা না আটকে রাখায় আমি পৌরসভার প্রশাসকের কাছে আবেদন করলে ওই কর্মকর্তা আরও ক্ষিপ্ত হয়ে যায়। আজ দুপুরে বিলের বিষয়ে কথা বলতে পৌর প্রশাসনিক কর্মকর্তার কক্ষে গেলে হুমায়ুন কবির ক্ষিপ্ত হয়ে পড়েন। এক পর্যায়ে তাঁর সহকারী মোসলেমসহ আমাকে এলোপাতাড়ি কিলঘুষি শুরু করেন এবং লোহার পাইপ দিয়ে আঘাত করতে থাকেন। এতে আমার হাত বাম ভেঙে যায়। তখন অসুস্থ হয়ে পড়লে এবং আমার চিৎকারে অন্যরা গিয়ে উদ্ধার করেন।

তাঁর ভাই মাহামুদ হাসান সুজন অভিযোগ করে বলেন, পৌরসভার হুমায়ুন কবির গোপালগঞ্জের বাসিন্দা এবং তিনি স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোল্যা কাউছারের আপন ভাগনে। বিগত দিনে উনি আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে অবৈধ অর্থ হাতিয়ে নিয়েছেন এবং বর্তমানেও একইভাবে টাকা দাবি করে আসছেন। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনার বিচার চাই। আমার ভাইয়ের ন্যায্য টাকা দেওয়ার দাবি জানাই।

তবে ঘুষ দাবির অভিযোগ অস্বীকার করেছেন পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবির। তিনি জানান, ঠিকাদারের কাজ অসম্পূর্ণ থাকায় বিল দেওয়া হচ্ছিল না। এ কারণে ক্ষিপ্ত হয়ে ঠিকাদার প্রথমে তাদের কক্ষে এসে হামলা করেন। তবে ঠিকাদারকে মারধর ও জিআই পাইপ দিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগের বিষয়ে অস্বীকার করেন তিনি।

নগরকান্দা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন জানান, সরকারি প্রতিষ্ঠানের ভেতরে এ ধরনের মারধরের ঘটনা অনাকাঙ্খিত। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx