‘তারা যেভাবে পলায়নের পথ বেছে নিয়েছে, তাতে তাদের ফেরার আর কোনো সুযোগ নেই। দেশের অর্থনীতি ও পোশাকশিল্পের অগ্রগতি তারা সহ্য করতে পারছে না।’ এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
আজ (রোববার, ২২ নভেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দার জয় বাংলা বিশ্বরোড চত্বরে নগরকান্দা ও সালথা উপজেলা এবং নগরকান্দা পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। অতীতের আন্দোলন এবং জুলাই-আগস্টের ঘটনার পর মানুষের দাবির মুখে ফ্যাসিবাদী শক্তির পতন হয়েছে। এরপরও পলাতক নেতাদের ফিরিয়ে আনার আশায় একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। তবে জনগণ এ ধরনের অপচেষ্টা মেনে নেবে না বলেও মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দেশের অর্থনীতি, ব্যাংকিং খাত ও তৈরি পোশাকশিল্পের অগ্রগতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, রেমিট্যান্স ও পোশাকশিল্পের কার্যক্রম সচল হচ্ছে। একই সঙ্গে বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হচ্ছে। দেশের এই অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে একটি মহল তৈরি পোশাক খাতে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, কোনো ধরনের প্রতিহিংসামূলক আচরণ করা যাবে না। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধৈর্য ও সংযমের প্রশংসা করেন তিনি।
বিচারিক প্রক্রিয়া প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মানবাধিকার লঙ্ঘন ও সহিংসতার অভিযোগে চলমান মামলাগুলো আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি হবে। পাশাপাশি বন্দি বিনিময় চুক্তির আওতায় পলাতকদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ প্রত্যাশা করেন তিনি।
নগরকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়বুর রহমান মাসুদ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সভাপতি মোদাররেস আলী ইসা, যুগ্ন আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল প্রমুখ।
সমাবেশে ফরিদপুর জেলা, নগরকান্দা উপজেলা ও পৌর এবং সালথা উপজেলা যুবদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

