ফরিদপুর শহরে তৃতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গিয়ে বাঁধার মুখে পড়েছে পৌর প্রশাসন। এ সময় তাঁদের প্রায় আধাঘন্টা অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ ব্যবসায়ীরা। পরে কোতয়ালী থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তাঁদের উদ্ধার করেন। মঙ্গলবার (১১ আগস্ট) বিকাল পৌনে ৫ টার দিকে শহরের চকবাজার অস্থায়ী কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকীর নেতৃত্বে এ অভিযান করা হয়। বিকাল ৪ টার দিকে পৌরসভা কার্যালয় এলাকা থেকে এ অভিযান শুরু হয়। এ সময় ফুটপাতে থাকে অস্থায়ী স্থাপনা মালামাল জব্দ করে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। অভিযানটি শহরের জনতা ব্যাংকের মোড় হয়ে কোতয়ালী থানা রোড এবং চকবাজার এলাকায় গিয়ে শেষ হয়।
এ সময় চকবাজার এলাকায় ফুটপাত দখল করে একাধিক অস্থায়ী স্থাপনা ও দোকানের বর্ধিত অংশ বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। এক পর্যায়ে সেখানকার ব্যবসায়ীদের তোপের মুখে পড়েন তাঁরা। বিক্ষুব্ধ হয়ে ওঠে শতাধিক ব্যবসায়ী, তাঁদের সাথে আরও লোকজন যোগ দিলে এক পর্যায়ে উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে বিক্ষুব্ধদের আশ্বস্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

