Wednesday, 25 November 2026
  • Home  
  • ভাষা আন্দোলন থেকে রাজনীতি—ফরিদপুরের ইতিহাসে স্মরণীয় মোহন মিয়া
- ফরিদপুর জেলার খবর

ভাষা আন্দোলন থেকে রাজনীতি—ফরিদপুরের ইতিহাসে স্মরণীয় মোহন মিয়া

ভাষা আন্দোলন, পাকিস্তানবিরোধী রাজনৈতিক সংগ্রাম ও বাঙালির অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ফরিদপুরের ঐতিহ্যবাহী ময়েজ মঞ্জিলের জমিদার পরিবারের সন্তান মরহুম ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী আগামীকাল। ১৯৭১ সালের এই দিনে (২৬ নভেম্বর) তিনি মৃত্যুবরণ করেন। ১৯০৫ সালের ২৯ ডিসেম্বর ফরিদপুরের ঐতিহাসিক ময়েজ মঞ্জিলে জন্মগ্রহণ করেন তিনি। মোহন মিয়া ছিলেন তৎকালীন উপমহাদেশের একজন […]

ভাষা আন্দোলন, পাকিস্তানবিরোধী রাজনৈতিক সংগ্রাম ও বাঙালির অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ফরিদপুরের ঐতিহ্যবাহী ময়েজ মঞ্জিলের জমিদার পরিবারের সন্তান মরহুম ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী আগামীকাল। ১৯৭১ সালের এই দিনে (২৬ নভেম্বর) তিনি মৃত্যুবরণ করেন। ১৯০৫ সালের ২৯ ডিসেম্বর ফরিদপুরের ঐতিহাসিক ময়েজ মঞ্জিলে জন্মগ্রহণ করেন তিনি।

মোহন মিয়া ছিলেন তৎকালীন উপমহাদেশের একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। রাজনৈতিক জীবনের শুরুতে তিনি মুসলিম লীগের সঙ্গে যুক্ত হন। ১৯৩৭ সালে মুসলিম লীগের পক্ষে বঙ্গীয় আইনসভার সদস্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে বৃহত্তর ফরিদপুর জেলা বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এ পদে তিনি দীর্ঘ ১৮ বছর দায়িত্ব পালন করেন।

পাকিস্তান আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। বৃহত্তর ফরিদপুর জেলা মুসলিম লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৪৬ সালের নির্বাচনে পাকিস্তানের পক্ষে জনমত গঠনে সক্রিয় ভূমিকা রাখেন। দেশভাগের পর পাকিস্তান গণপরিষদের সদস্য এবং পূর্ব পাকিস্তান মুসলিম লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

তবে মোহন মিয়ার রাজনৈতিক জীবনের অন্যতম উল্লেখযোগ্য অধ্যায় ছিল বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দুর পাশাপাশি বাংলাকেও স্বীকৃতি দেওয়ার পক্ষে অবস্থান নেন তিনি। ১৯৪৮ সালে ঢাকায় মোহাম্মদ আলী জিন্নাহর উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণার পর বাংলা ভাষার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানান।

১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় পুলিশের গুলিতে সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেকের শহীদ হওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানান মোহন মিয়া। তাঁর মালিকানাধীন দৈনিক মিল্লাত পত্রিকায় ‘রাতের আঁধারে এত লাশ কোথায় যায়’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এ ঘটনার পর পাকিস্তান সরকার পত্রিকাটির সম্পাদকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। বাংলা ভাষার আন্দোলনকে সমর্থন করায় তাঁকে পূর্ব পাকিস্তান মুসলিম লীগের সাধারণ সম্পাদকের পদ থেকেও বহিষ্কার করা হয়।

পরবর্তী সময়ে তিনি শেরেবাংলা এ কে ফজলুল হকের কৃষক প্রজা পার্টিতে যোগ দেন। ১৯৫৪ সালের নির্বাচনে শেরেবাংলা এ কে ফজলুল হক, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে গঠিত যুক্তফ্রন্টের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন। ওই নির্বাচনে যুক্তফ্রন্ট বিপুল বিজয় অর্জন করে। ১৯৫৪ সালের ৩ এপ্রিল শেরেবাংলার নেতৃত্বে সরকার গঠিত হলে মোহন মিয়া গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রেও তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। ১৯৫৪ সালের ৭ মে পাকিস্তান সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়। পরে ১৯৫৬ সালের সংবিধানেও বাংলা ও উর্দু রাষ্ট্রভাষা হিসেবে অন্তর্ভুক্ত হয়।

রাজনীতির পাশাপাশি শিক্ষা বিস্তার ও সমাজকল্যাণেও মোহন মিয়ার পরিবারের অবদান ছিল উল্লেখযোগ্য। তাঁর বাবা খান সাহেব চৌধুরী ময়েজউদ্দিন বিশ্বাস ১৯২৩ সালে মৃত্যুবরণ করলে জমিদারির দায়িত্ব গ্রহণ করেন মোহন মিয়া। ফরিদপুর অঞ্চলে শিক্ষার প্রসারে ১৯২৬ সালে ময়েজ মঞ্জিলের জমি থেকে ১০ একর জায়গা দান করা হয়। তাঁর পরিবারের উদ্যোগে ময়েজউদ্দিন স্কুল, হালিমা গার্লস স্কুল, হালিমা হোমস, চরভদ্রাসনে ময়েজউদ্দিন উচ্চবিদ্যালয় এবং বিলনালিয়ায় ময়েজউদ্দিন মাদ্রাসা ও স্কুল প্রতিষ্ঠিত হয়।

১৯৪৫ সালে পরিবারের ৫০০ একর জমির ওপর গড়ে তোলা হয় বায়তুল আমান। বর্তমানে এ এলাকায় সরকারি রাজেন্দ্র কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, সরকারি ইয়াছিন কলেজ, সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান অবস্থিত।

সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায়ও তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়। মুসলিম সমাজের উন্নয়নের পাশাপাশি হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধসহ সব ধর্মের মানুষের অধিকার ও ধর্ম পালনের স্বাধীনতার প্রতি তিনি শ্রদ্ধাশীল ছিলেন। ফরিদপুরের বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

মোহন মিয়া সাত সন্তানের জনক ছিলেন। তাঁর জ্যেষ্ঠ সন্তান মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ ফরিদপুর-৩ আসন থেকে পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং তিনবার গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন।

তাঁর আরেক সন্তান মরহুম চৌধুরী আকলম ইবনে ইউসুফ উপজেলা চেয়ারম্যান ও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মরহুম সাব্বির ইবনে ইউসুফ ছিলেন ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, সমাজসেবক ও শিল্পপতি। ফরিদপুরের পাটশিল্পের উন্নয়নে তিনি কানাইপুরে ফরিদপুর জুট ফাইবার্স ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করেন।

মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ তাঁর শ্রদ্ধা নিবেদনে বলেন, কর্ম ও আদর্শের মধ্য দিয়ে যাঁরা মানুষের হৃদয়ে স্থান করে নেন, তাঁদের স্মৃতি কখনো মুছে যায় না। মোহন মিয়া আজ বেঁচে না থাকলেও তাঁর অবদান ও স্মৃতি মানুষের মাঝে চিরজাগরূক হয়ে থাকবে।

ইতিহাসের পাতায় মোহন মিয়া শুধু একজন জমিদার বা রাজনীতিবিদ নন, বরং ভাষার অধিকার, রাজনৈতিক সংগ্রাম, শিক্ষা বিস্তার ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক স্মরণীয় ব্যক্তিত্ব।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx