Wednesday, 25 November 2026
  • Home  
  • মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী:ময়েজ মঞ্জিল পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা জানালেন এমপি নায়াব ইউসুফ
- ফরিদপুর জেলার খবর

মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী:ময়েজ মঞ্জিল পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা জানালেন এমপি নায়াব ইউসুফ

ফরিদপুরের ঐতিহ্যবাহী জমিদার পরিবার ময়েজ মঞ্জিলের বিশিষ্ট ব্যক্তিত্ব, সাবেক রাজনীতিবিদ ও সমাজসেবক মরহুম ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন তাঁর পৌত্রী ও ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। বুধবার (২৬ নভেম্বর) মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়েজ মঞ্জিল পরিবারের পক্ষ থেকে দেওয়া এক শ্রদ্ধাবার্তায় তিনি মরহুম মোহন মিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা […]

ফরিদপুরের ঐতিহ্যবাহী জমিদার পরিবার ময়েজ মঞ্জিলের বিশিষ্ট ব্যক্তিত্ব, সাবেক রাজনীতিবিদ ও সমাজসেবক মরহুম ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন তাঁর পৌত্রী ও ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

বুধবার (২৬ নভেম্বর) মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়েজ মঞ্জিল পরিবারের পক্ষ থেকে দেওয়া এক শ্রদ্ধাবার্তায় তিনি মরহুম মোহন মিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন। একই সঙ্গে তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, ভাষা আন্দোলনে অবদান, শিক্ষা বিস্তার, সমাজসেবা এবং ফরিদপুরের উন্নয়নে ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করেন।

শ্রদ্ধাবার্তায় সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, কর্ম, আদর্শ ও ভালোবাসার মাধ্যমে যাঁরা মানুষের হৃদয়ে স্থান করে নেন, তাঁদের স্মৃতি কখনো মুছে যাওয়ার নয়। মরহুম ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়া তেমনই একজন ক্ষণজন্মা ব্যক্তিত্ব। তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর অবদান, আদর্শ ও স্মৃতি চিরকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকবে।

তিনি উল্লেখ করেন, ১৯০৫ সালের ২৯ ডিসেম্বর ফরিদপুরের ঐতিহ্যবাহী ময়েজ মঞ্জিলে জন্মগ্রহণ করেন মোহন মিয়া। ছাত্রজীবন থেকেই ব্রিটিশবিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন তিনি। ১৯৩৭ সালে বেঙ্গল অ্যাসেম্বলির সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি বৃহত্তর ফরিদপুর ডিস্ট্রিক্ট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে দীর্ঘ ১৮ বছর দায়িত্ব পালন করেন। পাকিস্তান আন্দোলনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নায়াব ইউসুফ তাঁর শ্রদ্ধাবার্তায় ভাষা আন্দোলনে দাদার অবদানের বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন।

তিনি জানান, পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দুর পাশাপাশি বাংলাকে স্বীকৃতি দেওয়ার পক্ষে সোচ্চার ছিলেন মোহন মিয়া। নিজের মালিকানাধীন দৈনিক ‘মিল্লাত’ পত্রিকার মাধ্যমে তিনি ভাষা আন্দোলনের পক্ষে জনমত গড়ে তুলতে ভূমিকা রাখেন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ছাত্র-জনতার ওপর পুলিশের গুলিবর্ষণের প্রতিবাদেও পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষা বিস্তারেও মোহন মিয়ার অবদান ছিল অনন্য। ১৯২৬ সালে ময়েজ মঞ্জিলের জমি থেকে ১০ একর জায়গা দান করে ময়েজউদ্দিন স্কুল প্রতিষ্ঠা করেন। ১৯৩২ সালে প্রতিষ্ঠা করেন হালিমা গার্লস স্কুল। এ ছাড়া দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য হালিমা হোমসসহ ফরিদপুরের বিভিন্ন এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। ১৯৪৫ সালে পরিবারের প্রায় ৫০০ একর জমির ওপর গড়ে তোলেন বায়তুল আমান, যার মূল লক্ষ্য ছিল শিক্ষা, কৃষি, শিল্প ও ধর্মীয় শিক্ষার প্রসার।

শ্রদ্ধাবার্তায় সংসদ সদস্য নায়াব ইউসুফ আরও বলেন, মোহন মিয়া ছিলেন অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী একজন মানুষ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার ও ধর্মীয় স্বাধীনতার প্রতি তিনি শ্রদ্ধাশীল ছিলেন। ফরিদপুরের মানুষের মধ্যে সম্প্রীতি, ঐক্য ও শিক্ষার প্রসারে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি আরও উল্লেখ করেন, মোহন মিয়ার পরবর্তী প্রজন্মও রাজনীতি, শিক্ষা, সমাজসেবা, শিল্প ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন। তাঁর জ্যেষ্ঠ পুত্র মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ জাতীয় সংসদের সদস্য ও মন্ত্রী হিসেবে ফরিদপুরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
শ্রদ্ধাবার্তার শেষাংশে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, মরহুম মোহন মিয়া ও ময়েজ মঞ্জিল পরিবারের দীর্ঘ ইতিহাস, ঐতিহ্য, দান, কর্ম ও আদর্শের ব্যাপ্তি অনেক বিশাল। স্বল্প পরিসরে তাঁর সব অবদান তুলে ধরা সম্ভব নয়। ময়েজ মঞ্জিল পরিবারের পক্ষ থেকে এই মহান ব্যক্তিত্বের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। তিনি তাঁর কর্ম ও আদর্শের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

উল্লেখ্য, মরহুম ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়া ১৯৭১ সালের ২৬ নভেম্বর মৃত্যুবরণ করেন। তাঁর ৫৫তম মৃত্যুবার্ষিকীতে পৌত্রী সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের এই শ্রদ্ধা নিবেদন পারিবারিক ইতিহাস, ঐতিহ্য ও উত্তরাধিকারের প্রতি গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx