Wednesday, 25 November 2026
  • Home  
  • নারী শিক্ষার অগ্রগতি ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: এমপি শহিদুল ইসলাম বাবুল
- ফরিদপুর জেলার খবর

নারী শিক্ষার অগ্রগতি ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: এমপি শহিদুল ইসলাম বাবুল

নারী শিক্ষার অগ্রগতি ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম খান বাবুল। ফরিদপুরের ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ […]

নারী শিক্ষার অগ্রগতি ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম খান বাবুল। ফরিদপুরের ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজ (বুধবার, ২৫ নভেম্বর) সকালে কলেজ মাঠে বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, নারীদের পিছিয়ে রেখে দেশের সামগ্রিক অগ্রগতি ও উন্নয়ন সম্ভব নয়। দেশকে এগিয়ে নিতে নারী শিক্ষার কোনো বিকল্প নেই। নারী শিক্ষার প্রসারে ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার সরকারের সময় মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি কার্যক্রম চালু করা হয়েছিল। নারীরা জাতির প্রায় অর্ধেক। তাই দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় নারীদের শিক্ষিত ও যোগ্য করে গড়ে তোলা অত্যন্ত জরুরি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংসদ সদস্য বলেন, তরুণরাই আগামীর নেতৃত্ব দেবে। তাই শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না; শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, সাহস ও দায়িত্ববোধ গড়ে তুলতে হবে। জীবনের প্রতিটি সংগ্রামে নিজের যোগ্যতা ও সাহস নিয়ে দাঁড়াতে হবে। ব্যর্থতার সময় অনেক আপনজনও পাশে থাকে না। তাই আত্মবিশ্বাসী হয়ে নির্ধারিত লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে হবে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সফি উদ্দিন মোল্লার সভাপতিত্বে এবং প্রভাষক দিলীপ দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক ড. মাহফুজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা, কলেজ গভর্নিং বডির সভাপতি প্রফেসর মো. আপ্তাব উদ্দিন মিয়া, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোক্তার হোসেন, বাজার বণিক সমিতির সভাপতি শহিদুল হক মিরু মুন্সি, সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি এবং শিক্ষার পরিবেশকে আরও প্রাণবন্ত করতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কলেজের সার্বিক কার্যক্রম ও আয়োজনের বিস্তারিত তুলে ধরেন প্রভাষক অজয় দাস। পরে বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন দেশের খ্যাতনামা সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx