নারী ও মেয়েশিশুর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধ, ন্যায়বিচার ও সুরক্ষা নিশ্চিত করা এবং সমাজে জেঁকে বসা বিচারহীনতার সংস্কৃতি ভেঙে ফেলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ, ফরিদপুর জেলা শাখা। একই সঙ্গে বাল্যবিবাহ রোধ ও অনলাইনে নারী বিদ্বেষী তৎপরতা বন্ধে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার দাবি জানানো হয়েছে।
আজ (বুধবার, ২৫ নভেম্বর) সকাল ১১টায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর) ও বিশ্ব মানবাধিকার দিবস ২০২৬ উপলক্ষে ফরিদপুরে সংগঠনটির জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি ও আহ্বান জানানো হয়।
অধ্যাপিকা শিপ্রা রায়ের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক হোসনে আরা খানম। লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, নারী-পুরুষের সমতাভিত্তিক, ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক চেতনা ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭০ সালের ৪ এপ্রিল জননী সাহসিকা কবি সুফিয়া কামাল বাংলাদেশ মহিলা পরিষদ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ৫৬ বছর ধরে সংগঠনটি নারীর মানবাধিকার প্রতিষ্ঠা ও নির্যাতন প্রতিরোধে বহুমাত্রিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত বিশ্বজুড়ে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হচ্ছে।
বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, পরিবার, রাস্তাঘাট, গণপরিবহন, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল এবং সাম্প্রতিক সময়ে অনলাইন মাধ্যমেও নারীরা শারীরিক, মানসিক ও যৌন সহিংসতার শিকার হচ্ছেন। সহিংসতার এই নতুন নতুন মাত্রা নারীর অগ্রগতি ও ক্ষমতায়নের পথে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ও সরাসরি নারী বিদ্বেষ, অবমাননা ও হুমকির ঘটনা আরও প্রকাশ্য হয়ে উঠেছে উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী, আদিবাসী ও ধর্মীয় সংখ্যালঘু নারীদের প্রতি সহিংসতা ও অবমাননার চিত্র অত্যন্ত উদ্বেগজনক। এই নারী বিদ্বেষী সংস্কৃতি এবং নারী-পুরুষের বৈষম্য দূর করতে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। দেশে বাল্যবিবাহের পরিস্থিতি এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে জানিয়ে বক্তারা বলেন, বাল্যবিবাহের কারণে অসংখ্য মেয়েশিশু শিক্ষা থেকে ঝরে পড়ছে এবং অল্প বয়সে মাতৃত্বজনিত নানা শারীরিক ও মানসিক জটিলতার শিকার হচ্ছে।
এ পরিস্থিতি থেকে উত্তরণে তৃণমূল পর্যায় থেকে শুরু করে সর্বস্তরে আলোচনা, মতবিনিময় ও সচেতনতামূলক কর্মসূচি জোরদার করার আহ্বান জানানো হয়। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবেও নারী ও মেয়েশিশুরা তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে এ বিষয়েও জনসচেতনতা বাড়ানোর তাগিদ দেওয়া হয়। নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক আন্দোলনকে বেগবান করতে গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন মহিলা পরিষদের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জেসমিন কবির, সাংগঠনিক সম্পাদক ডিউবি শিকদার, আন্দোলন সম্পাদক আনোয়ারা বেগম, কার্যকরী কমিটির সদস্য মনোয়ারা মোর্শেদা চৌধুরী, মঞ্জুয়ারা স্বপ্না এবং প্রোগ্রাম এক্সিকিউটিভ প্রসেনজিৎ বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে ফরিদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


