ফরিদপুরের সদরপুরে পারিবারিক বিরোধের জেরে তাহমিনা আক্তার (২৩) নামে এক গৃহবধূকে কুপিয়ে ও লোহার রড-হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া এবং শ্লীলতাহানির অভিযোগও করা হয়েছে। বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার, (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের নয়াডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে বলে থানায় পাঠানো লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী তাহমিনা আক্তার জাকেরের ডাঙ্গী এলাকার বাসিন্দা এবং তাঁর স্বামী সৌদি প্রবাসী। অভিযোগে নুরু শেখ (৬৫), তাঁর ছেলে হিরু শেখ (৩৫), নুরু শেখের স্ত্রী নুরজাহান বেগম (৬০) ও হিরু শেখের স্ত্রী রুমা বেগমকে (২৮) অভিযুক্ত করা হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তদের সঙ্গে তাহমিনার পরিবারের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে হিরু শেখ তাঁকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন বলে অভিযোগ করেন তাহমিনা। এতে রাজি না হওয়ায় তাঁকে গালিগালাজ, মানসিক ও শারীরিক নির্যাতন এবং মারধরের হুমকি দেওয়া হতো বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, ঘটনার দিন তাহমিনা নিজের বাড়িতে যাওয়ার জন্য ঘরে কাপড়চোপড় গোছাচ্ছিলেন। এ সময় অভিযুক্তরা তাঁর কাছে গিয়ে গালিগালাজ শুরু করেন। তিনি প্রতিবাদ করলে কথা-কাটাকাটির একপর্যায়ে নুরু শেখের নির্দেশে হিরু শেখ ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথা লক্ষ্য করে কোপ দেন। এতে তাহমিনার বাম চোখের ওপরে গুরুতর কাটা জখম হয়। পরে নুরু শেখের কোপে তাঁর ডান পায়ের গোড়ালির ওপরের অংশে জখম হয়।
এ ছাড়া নুরজাহান বেগম ও রুমা বেগম তাঁকে লোহার হাতুড়ি ও রড দিয়ে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।
তাহমিনার অভিযোগ, হামলার সময় হিরু শেখ তাঁর পরনের কাপড় টানাহেঁচড়া করে ছিঁড়ে ফেলেন এবং নুরজাহান বেগম তাঁর গলায় থাকা প্রায় ১২ আনা ওজনের, আনুমানিক ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন নিয়ে যান। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয়দের সহযোগিতায় তাহমিনাকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভুক্তভোগী জানান, অভিযুক্তদের হুমকির কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। হাসপাতালে ভর্তি থাকায় তাঁর মা শেফালী বেগমের মাধ্যমে গত ২৩ নভেম্বর সদরপুর থানায় লিখিত অভিযোগ পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নুরু শেখ দাবি করেন, যতটা না ঘটনা ঘটেছে, তার চেয়ে বেশি রটানো হয়েছে। সদরপুর থানা সূত্রে জানা গেছে, লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

