Monday, 23 November 2026
  • Home  
  • বসতঘরে অগ্নিকাণ্ডে প্রাণ গেল বাবার, সন্দেহের বশে ছেলেকে আটক
- ফরিদপুর জেলার খবর

বসতঘরে অগ্নিকাণ্ডে প্রাণ গেল বাবার, সন্দেহের বশে ছেলেকে আটক

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গভীর রাতে বসতঘরে লাগা আগুনে পুড়ে আসমান হাওলাদার (৬৫) নামে প্যারালাইসিসে আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে সুজন হাওলাদারকে (২৭) সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ চান্দ্রা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আসমান হাওলাদার মৃত বসির উদ্দিন […]

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গভীর রাতে বসতঘরে লাগা আগুনে পুড়ে আসমান হাওলাদার (৬৫) নামে প্যারালাইসিসে আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে সুজন হাওলাদারকে (২৭) সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ চান্দ্রা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আসমান হাওলাদার মৃত বসির উদ্দিন হাওলাদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুজন হাওলাদার দীর্ঘদিন মালয়েশিয়ায় প্রবাস জীবন শেষে প্রায় ২৫ দিন আগে দেশে ফেরেন। দেশে ফেরার পাঁচ দিন পরই তিনি নতুন করে বিয়ে করেন বলে এলাকায় আলোচনা রয়েছে। একাধিক বিয়ে এবং আগের স্ত্রী লাইজুর বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে তার পারিবারিক বিরোধ চলছিল।

এ বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গত শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয়ভাবে একটি সালিশ-বৈঠক হওয়ার কথা থাকলেও তাতে সুজন উপস্থিত হননি। ঘটনার বর্ণনা দিতে গিয়ে সুজন হাওলাদারের আগের স্ত্রী লাইজুর বেগম জানান, আগুন লাগার পর ঘরের ভেতরে আটকা পড়ে তার শ্বশুর চিৎকার করছিলেন। অন্য ঘর থেকে বেরিয়ে তিনি বৃদ্ধকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন; তবে ঘরের ভেতরে সচল বৈদ্যুতিক তার থাকায় আগুনের কাছে যাওয়া সম্ভব হয়নি। পরে চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন।

লাইজুর বেগমের দাবি, এলাকার লোকজনকে ফাঁসানোর উদ্দেশ্যে সুজন হাওলাদার নিজেই ঘরে আগুন দিয়েছেন। ঘটনার পর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে আনার পর তাদের আসতে নিষেধ করায় তারা ঘটনাস্থলে আসেনি। স্থানীয় বাসিন্দা ও নিহতের ভাতিজা সোহেল বলেন, গভীর রাতে মাইকের মাধ্যমে আগুনের খবর পেয়ে তিনি ও আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে যান। বৈদ্যুতিক সংযোগের ঝুঁকির কারণে জ্বলন্ত ঘর থেকে আসমান চাচাকে উদ্ধার করা যায়নি। পরে গ্রামবাসীর সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সোহেলের ভাষ্যমতে, অগ্নিকাণ্ডের পর সুজন হাওলাদার পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে রশি দিয়ে বেঁধে রাখেন এবং পুলিশে খবর দেন।

ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক বৃদ্ধের মরদেহ দেখতে পায়। সে সময় স্থানীয় বাসিন্দারা নিহতের ছেলে সুজন হাওলাদারকে আটক করে রেখেছিলেন। পারিবারিক কলহের জেরে নাকি অন্য কাউকে ফাঁসানোর উদ্দেশ্যে অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx