Monday, 23 November 2026
  • Home  
  • ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু হত্যা: নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে ৯৬ জনের বিরুদ্ধে মামলা
- ফরিদপুর জেলার খবর

ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু হত্যা: নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে ৯৬ জনের বিরুদ্ধে মামলা

ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা (৪০) হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনকে প্রধান আসামি করে মামলা হয়েছে। মামলায় ৯৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। নিহত রাজু মোল্লার স্ত্রী রিয়া বেগম বাদী হয়ে গত শনিবার দিবাগত রাত […]

ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা (৪০) হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনকে প্রধান আসামি করে মামলা হয়েছে। মামলায় ৯৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

নিহত রাজু মোল্লার স্ত্রী রিয়া বেগম বাদী হয়ে গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে ভাঙ্গা থানায় মামলাটি করেন।

মামলায় ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীকে ১ নম্বর আসামি করা হয়েছে। তাঁর ৯৫ জন অনুসারীর নামও এজাহারে উল্লেখ করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় গুরুতর আহত হন রাজু মোল্লা। পরে তাঁকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পাঁচ দিন পর এ মামলা করা হলো। এজাহারে বাদী অভিযোগ করেন, ১ নম্বর আসামি নিক্সন চৌধুরীর নির্দেশনা ও অর্থায়নে অন্য আসামিরা হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করেন।

এ সময় তাঁরা মশাল জ্বালিয়ে সড়কে ইটের খোয়া, পাথরের টুকরা ও বাঁশের লাঠি রাখেন। তাঁদের হাতে সড়কি, রামদা, চাপাতি ও ককটেলসহ দেশীয় অস্ত্র ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এজাহারের বর্ণনা অনুযায়ী, রাত পৌনে ৮টার দিকে আসামিরা রাজু মোল্লাকে মোটরসাইকেলসহ আটক করেন। এ সময় ২ নম্বর আসামি ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি এলাকার শাহাদাৎ খয়রাতি (৪১) ধারালো সড়কি দিয়ে রাজুর কোমরের ডান পাশে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। এ ছাড়া ৩ নম্বর আসামি আল আমিন (৪৫), ৪ নম্বর আসামি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ভাঙ্গা পৌর কমিটির সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান (৪২), ৬ নম্বর আসামি নিষিদ্ধ ছাত্রলীগের ভাঙ্গা উপজেলা কমিটির আহ্বায়ক আশিকুজ্জামান (৩৬), ১৫ নম্বর আসামি বালা মিয়া (৪৬), ১৮ নম্বর আসামি কামাল (৪৫) ও ২১ নম্বর আসামি বেলায়েত মুন্সী (৩৮) রাজুকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে তাঁকে সড়কে টেনেহিঁচড়ে নেওয়া হয়। এতে তাঁর পেটের ডান পাশ থেকে ডান পায়ের হাঁটু পর্যন্ত চামড়া ছিলে যায় এবং শরীর রক্তাক্ত হয়।

এজাহারে আরও বলা হয়, খবর পেয়ে রাত সোয়া ৮টার দিকে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজানুর রহমান ও এসআই খালিদ মাহমুদসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় আসামিরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং এসআই খালিদ মাহমুদের কাছ থেকে একটি ওয়াকিটকি ছিনিয়ে নেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে রাজু মোল্লাকে উদ্ধার করে রাত ৯টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার দিন ভাঙ্গা থানা-পুলিশ যে ২৬ জনকে আটক করেছিল, তাঁদের এ মামলায় আসামি করা হয়েছে কি না, জানতে চাইলে এসআই মিজানুর রহমান বলেন, তিনি মাত্র মামলার এজাহারের কপি পেয়েছেন। যাচাই-বাছাই করে এ বিষয়ে পরে জানাতে পারবেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx