নদী গবেষণা ইনস্টিটিউটের (আরআরআই) পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ফরিদপুর-৪ আসন থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম খান বাবুল।
আজ (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক সরকারি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘নদী গবেষণা ইনস্টিটিউট আইন, ১৯৯০’ (১৯৯০ সনের ৫৩ নম্বর আইন)-এর ৬(১)(গ) ধারায় অর্পিত ক্ষমতাবলে সরকার তাঁকে পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।
প্রজ্ঞাপনের অনুলিপি ইতোমধ্যে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য, ফরিদপুরের জেলা প্রশাসক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এবং নদী গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে।

