ফরিদপুর জেলায় হাম সন্দেহে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন উদ্বেগজনকহারে বাড়ছে। নতুন করে আরও ৪৪ জন রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ নভেম্বর পর্যন্ত জেলায় হাম সন্দেহে মোট রোগীর সংখ্যা পৌঁছেছে ৭ হাজার ৩৯৮ জনে।
আজ (রোববার, ১ নভেম্বর) স্বাস্থ্য বিভাগের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জেলার দুটি প্রধান হাসপাতালে নতুন রোগীরা ভর্তি হন। এর মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৬ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে এই দুই হাসপাতালে মোট ১৩১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ৩১ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০০ জন রোগী। তবে আশার কথা হলো, দুই হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩৪ জন রোগী।
এছাড়া নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত (১ জানুয়ারি থেকে ১ নভেম্বর) জেলায় সন্দেহজনক হামে মোট ২১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি হওয়া ৪৪ জন সন্দেহভাজন রোগীর মধ্যে ৩১ জন ফরিদপুর জেলার বিভিন্ন এলাকার এবং বাকি ১৩ জন অন্যান্য জেলার বাসিন্দা। স্বাস্থ্য বিভাগের নিবিড় পর্যবেক্ষণে পুরো জেলার হাম পরিস্থিতি নিয়মিত মনিটরিং করা হচ্ছে এবং আক্রান্তদের চিকিৎসায় সব ধরনের প্রস্তুতি বজায় রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

