ফরিদপুরের মধুখালীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। আজ (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা মাল্টিপারপাস হলরুমে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম বলেন, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা। তাঁর সাহিত্য ও সংগীতে অন্যায়, শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদের পাশাপাশি মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা ফুটে উঠেছে। নতুন প্রজন্মের কাছে নজরুলের সাহিত্য ও দর্শন তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি শিক্ষার্থীদের নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্ম সম্পর্কে জানার পাশাপাশি তাঁর মানবিক ও সাম্যের চেতনা নিজেদের জীবনে ধারণ করার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মধুখালী থানার ওসি (তদন্ত) মো. মারুফ হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম মানিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহী, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আক্তার হোসেন মুন্সীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
পরে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুলের কবিতা, গান ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্মের বিভিন্ন দিক তুলে ধরেন।

