‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ফরিদপুরে পালিত হয়েছে জাতীয় যুব দিবস ২০২৬।
আজ (রোববার, ১ নভেম্বর) যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে দিনব্যাপী এসব কর্মসূচি বাস্তবায়িত হয়। সকাল সাড়ে ১১টায় শহরের জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে র্যালিটি বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অপরিসীম। যুবশক্তিকে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও স্বাবলম্বী করে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা। একই সঙ্গে মাদক, সন্ত্রাস, দুর্নীতি, ইভটিজিং, বাল্যবিয়ে, কিশোর গ্যাং ও সাইবার অপরাধের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ কার্যক্রমের প্রসঙ্গ তুলে ধরে বেকার যুবকদের আত্মকর্মসংস্থানে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এএসএম মইনুল আহসান।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক এম এ হালিম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলায়েত হোসেন, যুব উদ্যোক্তা তানিয়া পারভীন এবং প্রধানমন্ত্রীর ভলান্টিয়ার অ্যাওয়ার্ডপ্রাপ্ত তরুণ সংগঠক নীরব ইমতিয়াজ শান্ত।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক প্রশান্ত কুমার বাড়ৈ। দিবসটির তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠানে সমাজ ও আত্মকর্মসংস্থানে বিশেষ অবদান রাখার জন্য পাঁচজন তরুণ যুব সংগঠককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে পাঁচজন যুবকের হাতে যুবঋণের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।


