শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেছেন, “স্বপ্নহীন মানুষ আসলে মৃত মানুষ। বড় হওয়ার স্বপ্ন ও নির্দিষ্ট লক্ষ্য না থাকলে সফলতা অর্জন করা সম্ভব নয়। তোমাদের শুধু সদরপুর বা ঢাকার গণ্ডিতে আটকে থাকলে চলবে না, আন্তর্জাতিক মানের ‘গ্লোবাল স্টুডেন্ট’ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।” আজ (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) সকালে সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সদরপুর উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মেধা ও মেধার মূল্যায়নকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে তিনি সংসদ সদস্য বলেন, “১০০০ মানুষের সাধারণ সমাবেশের চেয়ে ১০ জন মেধাবীর সমাবেশ আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি সবসময় মেধার পক্ষে।”
শিক্ষার্থীদের উদ্দেশ্যে ফরিদপুর-৪ আসনের এই সংসদ সদস্য বলেন, “তোমাদের স্বপ্নকে উঁচুতে নিয়ে যেতে হবে। তুমি যদি আকাশ স্পর্শ করার স্বপ্ন দেখো, তবে অন্তত ছাদ পর্যন্ত পৌঁছাতে পারবে। কিন্তু শুরুতেই ছোট স্বপ্ন দেখলে মেঝে থেকেই উঠতে পারবে না। ব্যর্থ হওয়ার জন্য কিছু লাগে না, কিন্তু সাফল্যের জন্য অনেক ত্যাগ ও কষ্ট স্বীকার করতে হয়।”
জিপিএ-৫ বা প্রাথমিক সাফল্য নিয়ে অতি-উৎফুল্ল না হওয়ার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, “এসএসসি পরীক্ষার ফলাফল জীবনের অনেকগুলো ধাপের একটি মাত্র ধাপ। এ প্লাস পেয়েই পড়ালেখায় ঢিল দিলে এইচএসসিতে গিয়ে ধাক্কা খেতে হবে, তখন এই এ প্লাসের কোনো মূল্য থাকবে না। সামনে ভর্তিযুদ্ধের বিরাট চ্যালেঞ্জ। তোমাদের বুয়েট, হার্ভার্ড, অক্সফোর্ড কিংবা আইভি লিগের মতো বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার স্বপ্ন দেখতে হবে।”
কেবল মেধা নয়, নীতি-নৈতিকতার ওপর জোর দিয়ে এমপি বাবুল বলেন, “নীতিবোধসম্পন্ন ও আদর্শ নাগরিক না হতে পারলে সেই মেধা দিয়ে আমরা কী করব? যে মেধা নীতিহীনতা কিংবা দুর্নীতিবাজ হতে শেখায়, তা দিয়ে আলোকিত মানুষ হওয়া যায় না। দেশ ও সমাজকে সমৃদ্ধ করতে আমাদের একদল সর্বাঙ্গীণ সুন্দর, নীতিবান ও আলোকিত মানুষ প্রয়োজন।”

