ফরিদপুর পৌরসভার ২৭টি ওয়ার্ডের পৌরকর বিল ডিজিটাল পদ্ধতিতে প্রস্তুত ও প্রিন্ট করার কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রস্তুতকৃত এসব বিল নাগরিকদের মাঝে বিতরণের জন্য দায়িত্বপ্রাপ্ত বিল বিতরণকারীদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন পৌর প্রশাসক মো. ইলিয়াছুর রহমান। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এমএসইউ ওয়েবভিত্তিক সফটওয়্যারের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে এই বিলগুলো তৈরি করা হয়েছে। বিল হস্তান্তর অনুষ্ঠানে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন, পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান এবং হিসাবরক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মন্ডলসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পৌরসভার রাজস্ব ব্যবস্থাপনাকে আরও আধুনিক, স্বচ্ছ ও গতিশীল করার লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে বিল প্রস্তুত ও বিতরণের ফলে পৌরকর ব্যবস্থাপনায় সেবার মান বাড়ার পাশাপাশি সার্বিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে আশা করছেন পৌর কর্তৃপক্ষ।


