ফরিদপুর মেডিকেল কলেজে আন্তর্জাতিক ইন্টারনাল মেডিসিন ডে ২০২৬ পালিত হয়েছে। আজ (বুধবার, ২৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের ফরিদপুর জেলা শাখা ও কলেজের মেডিসিন বিভাগের উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণ ও কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আসিফ উল আলম, উপাধ্যক্ষ ও মেডিসিন বিভাগের প্রধান ডা. খান মোহাম্মদ আরিফ, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক মানস কৃষ্ণ কুন্ডু, সহকারী পরিচালক ডা. ওমর ফয়সাল এবং মেডিসিন বিশেষজ্ঞ ডা. শাহিনুজ্জামান। এ ছাড়া কলেজ ও হাসপাতালের অন্যান্য শিক্ষক ও চিকিৎসক অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিভিন্ন জটিল রোগের সঠিক নির্ণয়, সমন্বিত চিকিৎসা এবং রোগীর সার্বিক সুস্থতা নিশ্চিত করতে ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন রোগীর একাধিক শারীরিক সমস্যা চিহ্নিত করে কার্যকর চিকিৎসা পরিকল্পনা প্রণয়নেও এ বিভাগের চিকিৎসকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
বক্তারা আরও বলেন, আন্তর্জাতিক ইন্টারনাল মেডিসিন ডে উপলক্ষে এ ধরনের আয়োজন চিকিৎসকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করে। পাশাপাশি চিকিৎসাসেবার মানোন্নয়ন, চিকিৎসাবিষয়ক গবেষণার প্রসার এবং রোগীকেন্দ্রিক চিকিৎসাব্যবস্থা গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁরা রোগীদের উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং আধুনিক চিকিৎসাজ্ঞানের চর্চা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।


