Wednesday, 28 October 2026
  • Home  
  • নৈতিকতা ও দেশপ্রেমের দীক্ষায় ফুলকুঁড়ির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ফরিদপুর - ফরিদপুর জেলার খবর - ফরিদপুর সদর

নৈতিকতা ও দেশপ্রেমের দীক্ষায় ফুলকুঁড়ির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শিশু-কিশোরদের মাঝে নৈতিকতা, সততা ও দেশপ্রেমের বীজ বপনের প্রত্যয়ে ফরিদপুরে জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘ফুলকুঁড়ি আসর’-এর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বর্ণাঢ্য র‌্যালি, শিশু সমাবেশ, আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করে সংগঠনটি। আজ (বুধবার, ২৮ অক্টোবর) সকালে শহরের বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এ উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে […]

শিশু-কিশোরদের মাঝে নৈতিকতা, সততা ও দেশপ্রেমের বীজ বপনের প্রত্যয়ে ফরিদপুরে জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘ফুলকুঁড়ি আসর’-এর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বর্ণাঢ্য র‌্যালি, শিশু সমাবেশ, আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করে সংগঠনটি।

আজ (বুধবার, ২৮ অক্টোবর) সকালে শহরের বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এ উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে শহরের প্রধান সড়কগুলোতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু-কিশোর ও সংগঠকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিশু একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়।

ফুলকুঁড়ি আসর ফরিদপুর শহর শাখার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

এতে প্রধান আলোচক ছিলেন সংগঠনটির সাবেক প্রধান পরিচালক ও বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কাউন্সিলর জাকারিয়া হাবিব পাইলট। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক এম এ হালিম, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দবির উদ্দিন, ফুলকুঁড়ির সহকারী প্রধান পরিচালক আশরাফুল ইসলাম, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক আব্দুস ছাত্তার এবং ফরিদপুর শিশু একাডেমির শিশু বিষয়ক কর্মকর্তা মেহেদী হাসান।

আলোচনা সভায় বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের দেশ পরিচালনার মূল চালিকাশক্তি। তাই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শৈশব থেকেই তাদের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের চর্চা গড়ে তুলতে হবে। সৃজনশীল ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিশুদের সম্পৃক্ত করে তাদের দেশের সুযোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান অতিথিরা।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে স্থানীয় ও সংগঠনের শিশুশিল্পীদের পরিবেশনায় এক আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এই উৎসবের সমাপ্তি ঘটে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx