২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে সংঘটিত লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ (বুধবার, ২৮ অক্টোবর) বিকেলে জেলা, সদর উপজেলা ও পৌর জামায়াতের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বিকেল ৪টা ১৫ মিনিটে শহরের মডেল মসজিদ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের আমির মাওলানা বদরুদ্দীনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ইমতিয়াজ উদ্দিন আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল ওয়াহাব, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা জসিম উদ্দীন, সাধারণ সম্পাদক এস এম শহীদুল্লাহ, পৌর জামায়াতের আমির ড. এহসানুল মাহবুব রুবেল ও সাধারণ সম্পাদক ইব্রাহিম মুনতাসির তাকিমসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনার স্মৃতিচারণ করে বলেন, ওই দিনের তাণ্ডব ও হত্যাকাণ্ড দেশের রাজনৈতিক ইতিহাসে একটি অত্যন্ত বেদনাদায়ক ও কলঙ্কজনক অধ্যায়। তাঁরা অবিলম্বে এই নৃশংস ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করার জোরালো দাবি জানান।
বক্তারা আরও বলেন, দেশে অন্যায়, অত্যাচার, অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে দলমত নির্বিশেষে সকলকে সোচ্চার হতে হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তাঁরা বলেন, আইনের শাসন প্রতিষ্ঠিত না হলে সমাজে শান্তি ফিরে আসবে না। এছাড়াও সমাবেশে অবিলম্বে গণভোট বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান জামায়াত নেতারা। কর্মসূচিতে ফরিদপুর জেলা, সদর উপজেলা ও পৌর শাখা এবং এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।

