ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নে পদ্মা নদীর তীব্র ভাঙনে ভিটেমাটি হারানো ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে চাল ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। আজ (শনিবার, ২৬ সেপ্টেম্বর) ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়।
ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ সহায়তা কর্মসূচিতে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে চাল ও নগদ অর্থ তুলে দেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ।
এ সময় পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন তিনি। ভাঙনে বসতভিটা হারানো পরিবারগুলোর দুর্ভোগ ও প্রয়োজনের কথা শোনেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ বলেন, ‘প্রতিটি দুর্যোগ ও সংকটে আপনাদের পাশে থাকা আমাদের অঙ্গীকার। নদীভাঙনকবলিত অসহায় মানুষের পুনর্বাসন ও চিকিৎসায় আমাদের এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পদ্মা নদীর ভাঙনে নর্থচ্যানেল ইউনিয়নের বিভিন্ন এলাকায় বসতভিটা ও জমি হারিয়ে অনেক পরিবার সংকটে পড়েছে। নদীগর্ভে জায়গা-জমি বিলীন হওয়ায় এসব পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অনেক পরিবারকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হচ্ছে।
নদীভাঙনে শুধু বসতভিটাই নয়, মানুষের দীর্ঘদিনের বসবাসের স্থান, আবাদি জমি ও জীবিকার ক্ষেত্রও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান স্থানীয়রা। ফলে ভাঙনকবলিত পরিবারগুলোর জন্য জরুরি খাদ্য সহায়তার পাশাপাশি পুনর্বাসন ও চিকিৎসাসহ দীর্ঘমেয়াদি সহায়তার প্রয়োজন দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল ও নগদ অর্থ বিতরণকে তাৎক্ষণিক মানবিক সহায়তার উদ্যোগ হিসেবে দেখছেন স্থানীয়রা। তারা নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সমন্বিত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।


