ফরিদপুর পৌরসভা এলাকায় অবৈধভাবে দখলকৃত ফুটপাত উচ্ছেদ এবং পথচারীদের চলাচল নির্বিঘ্ন করার লক্ষ্যে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে পৌর কর্তৃপক্ষ। আজ (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও বাণিজ্যিক এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে পৌর এলাকার সুপার মার্কেট, পার্শ্ববর্তী এলাকা, চকবাজার, নিউমার্কেট সংলগ্ন এলাকা, ময়রাপট্টি এবং মুজিব সড়কসহ প্রধান প্রধান সড়কের ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানের মাধ্যমে ফুটপাত দখলমুক্ত করে সাধারণ মানুষের যাতায়াতের পথ সুগম করা হয়।
অভিযানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শামসুল আলম, পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান, সমাজ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মো. আহাদুজ্জামান, সহকারী প্রকৌশলী আশিকুর রহমান, সহকারী প্রকৌশলী সৈয়দ মো. আশরাফ, উপসহকারী প্রকৌশলী শিমুল দাস, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) শরিফুল হাসান, উপসহকারী প্রকৌশলী হাসান রাজু এবং হিসাবরক্ষক কৃষ্ণ সাহাসহ পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পৌরসভার এই সময়োপযোগী ও কার্যকর উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন পথচারী ও স্থানীয় সাধারণ মানুষ। দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে ফুটপাত দখলমুক্ত করায় পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তারা। একই সাথে উচ্ছেদকৃত ফুটপাত যেন পুনরায় দখল না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা এবং জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত রাখার দাবি জানান স্থানীয়রা।


