ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা দিতে নানা ধরনের হয়রানি ও অনিয়মের অভিযোগে এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে টিকিট কাউন্টারে নির্ধারিত ফির দ্বিগুণ অর্থ আদায়, রোগীদের খাবারে অনিয়ম, নিম্নমানের চাল সরবরাহ এবং হাসপাতালের ওয়ার্ড ও চত্বরে অস্বাস্থ্যকর পরিবেশের প্রমাণ পেয়েছেন দুদকের কর্মকর্তারা।
আজ (রবিবার, ২২ নভেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুর থেকে পরিচালিত এ অভিযানে হাসপাতালের বিভিন্ন বিভাগ সরেজমিনে পরিদর্শন করা হয়। এ সময় চিকিৎসাসেবার বিভিন্ন পর্যায়ে অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র উঠে আসে।
অভিযান সূত্রে জানা গেছে, হাসপাতালের টিকিট কাউন্টারে ৫ টাকার পরিবর্তে ১০ টাকা নেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে আরএমও ও ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়কের উপস্থিতিতে কাউন্টারের অর্থ গণনা করা হয়। গণনায় নির্ধারিত ফির তুলনায় অতিরিক্ত অর্থ পাওয়া যায়। এতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগের সত্যতা মেলে। এ ছাড়া চিকিৎসকদের সময়মতো কর্মস্থলে উপস্থিত না থাকার অভিযোগও খতিয়ে দেখেন দুদকের কর্মকর্তারা। অভিযানে এ অভিযোগের আংশিক সত্যতা পাওয়া গেছে। হাসপাতালের রান্নাঘর পরিদর্শনেও রোগীদের খাবার সরবরাহে অনিয়মের চিত্র পাওয়া যায়। ওই দিনের ডায়েট চার্ট অনুযায়ী প্রত্যেক রোগীর জন্য ২০০ গ্রাম পাঙাশ মাছ দেওয়ার কথা থাকলেও পরিমাপ করে পাওয়া যায় মাত্র ৮০ গ্রাম। চাল সরবরাহেও অসংগতি দেখতে পান কর্মকর্তারা। কেজিপ্রতি ৯৬ টাকা দরে মিনিকেট চাল সরবরাহের কথা থাকলেও চালের বস্তায় ‘কাজললতা’ চালের উল্লেখ পাওয়া যায়। শুধু তা-ই নয়, চাল ও রান্না করা ভাতের মধ্যেও পোকা পাওয়া গেছে।
হাসপাতালের পরিবেশ পরিদর্শন করে সার্বিক অপরিচ্ছন্নতার চিত্র দেখতে পান দুদকের কর্মকর্তারা। বিশেষ করে মহিলা মেডিসিন ওয়ার্ডে ওষুধ রাখার স্থানটি অত্যন্ত অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। ওই স্থানে কুকুর ও বিড়ালকে শুয়ে থাকতেও দেখা যায়। এতে রোগীদের চিকিৎসাসেবা ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। দুদক জানিয়েছে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের হয়রানি, অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে এ ধরনের এনফোর্সমেন্ট অভিযান অব্যাহত রয়েছে। হাসপাতালের সেবার মান ও অনিয়মের বিষয়গুলো খতিয়ে দেখতে কমিশনের কার্যক্রম চলমান থাকবে।

