ফরিদপুর সদর উপজেলার সাচিয়া বাজারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নামে রেকর্ডভুক্ত সরকারি জমি দখল করে অবৈধভাবে দোকানঘর নির্মাণের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় নির্মাণাধীন দোকানের স্থাপনা ভেঙে দেওয়ার পাশাপাশি নির্মাণকাজে নিয়োজিত তিন কাঠমিস্ত্রীকে আটক করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কৃষি কলেজ (সাচিয়া) বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, সওজের মালিকানাধীন বাজারের গুরুত্বপূর্ণ সরকারি জমি দখল করে সাতটি দোকানঘর নির্মাণের উদ্যোগ নেন কয়েকজন ব্যক্তি। ছয় ব্যক্তি মিলে এসব দোকানঘর নির্মাণের চেষ্টা করছিলেন বলে স্থানীয়দের অভিযোগ। এর আগে প্রশাসনের উদ্যোগে ওই জমি দখলমুক্ত করা হয়েছিল। তবে কিছুদিন যেতে না যেতেই আবারও জমিটি দখলের চেষ্টা শুরু হয়। বিষয়টি প্রশাসনের নজরে এলে মঙ্গলবার (১৭ নভেম্বর) সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট তহশিলদারের মাধ্যমে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। কিন্তু প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে বুধবার সকাল থেকে আবারও দোকানঘর নির্মাণের কাজ শুরু করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এতে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে সরকারি সম্পত্তি রক্ষায় উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে।
অভিযানে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয় এবং নির্মাণাধীন দোকানের স্থাপনা ভেঙে ফেলা হয়। এ সময় কাজের সঙ্গে যুক্ত তিন কাঠমিস্ত্রীকে আটক করে অর্থদণ্ড প্রদান করা হয়। স্থানীয় সচেতন মহল বলছে, সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। পাশাপাশি বাজারের অন্যান্য সরকারি জমি দখলমুক্ত রাখতে প্রশাসনের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রাখার দাবি জানান তাঁরা।


