ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক চিকিৎসাসেবা ও কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান।
বুধবার (১৮ নভেম্বর) তিনি এই হাসপাতাল পরিদর্শনে যান। পরিদর্শনকালে সিভিল সার্জন হাসপাতালের বহির্বিভাগের বিভিন্ন কক্ষ ঘুরে চিকিৎসাসেবা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি হাসপাতালের অন্তঃবিভাগে ভর্তি রোগীদের শয্যার পাশে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি রোগীদের মানসম্মত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে কি না এবং তাদের কোনো ধরনের সমস্যা রয়েছে কি না, সে বিষয়েও তিনি বিস্তারিত অবগত হন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নিয়মিত তদারকি ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবেই এই পরিদর্শন পরিচালিত হয়। হাসপাতালটির সেবার মান আরও গতিশীল ও জনবান্ধব করতে এ ধরনের তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানা গেছে।


