Wednesday, 18 November 2026
  • Home  
  • কৃষকদল নেতা রাজু হত্যা: ২৫ জন আটক, এলাকায় নিরাপত্তা জোরদার
- ফরিদপুর জেলার খবর

কৃষকদল নেতা রাজু হত্যা: ২৫ জন আটক, এলাকায় নিরাপত্তা জোরদার

ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষকদল নেতা রাজু মোল্লাকে পিটিয়ে ও শরীরে আগুন দিয়ে হত্যার ঘটনায় ২৫ জনকে আটক করেছে পুলিশ। ঘটনার পরপরই পাঁচজনকে আটক করা হয়। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ২০ জনকে আটক করা হয়। তবে বুধবার দুপুর পর্যন্ত এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা বা লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। […]

ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষকদল নেতা রাজু মোল্লাকে পিটিয়ে ও শরীরে আগুন দিয়ে হত্যার ঘটনায় ২৫ জনকে আটক করেছে পুলিশ। ঘটনার পরপরই পাঁচজনকে আটক করা হয়। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ২০ জনকে আটক করা হয়। তবে বুধবার দুপুর পর্যন্ত এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা বা লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভাঙ্গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে ভাঙ্গা উপজেলার পুকুরিয়া এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে হামলার শিকার হন কৃষকদল নেতা রাজু মোল্লা। অভিযোগ উঠেছে, হামলাকারীরা তাঁকে মারধরের পর শরীরে আগুন ধরিয়ে দেয়। এতে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করা হচ্ছে।

বুধবার দুপুরে ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী জানান, ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়। পরবর্তী সময়ে অভিযান চালিয়ে আরও ২০ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের মধ্যে যাঁদের বিরুদ্ধে ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, বর্তমানে সার্বিক পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে বৃহস্পতিবার আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঘিরে ভাঙ্গাসহ জেলার গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ বিষয়ে পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী বলেন, ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও দুটি মহাসড়কের মাধ্যমে ২১টি জেলার প্রবেশদ্বার হিসেবে গুরুত্বপূর্ণ। এ এলাকায় নাশকতার আশঙ্কা বিবেচনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। তিনি বলেন, কর্মসূচিকে কেন্দ্র করে কেউ যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে জন্য পুলিশ সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসআরবির অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। বিজিবি মোতায়েনের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে অনুরোধ পাঠানো হয়েছে।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম বলেন, সার্বিক পরিস্থিতি প্রশাসনের নজরদারিতে রয়েছে। বর্তমানে সবকিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তবে বিজিবি মোতায়েনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। এদিকে রাজু মোল্লার মৃত্যুর খবরে তাঁর বাড়িতে চলছে শোকের মাতম। এক মাসের ব্যবধানে মেয়েকে হারানোর পর ছেলেকেও নির্মমভাবে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন মা রেখা বেগম ও অসুস্থ বাবা আকতার মোল্লা। স্বামীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী রিয়া বেগম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ। কোনো সান্ত্বনাতেই তাঁদের কান্না থামছে না। ছেলের হত্যার বিচার দাবি করে রাজুর বাবা বলেন, ‘আমার ছেলেকে যারা নির্মমভাবে হত্যা করেছে, আমিও তাদের নির্মম বিচার চাই।’খবর পেয়ে মঙ্গলবার রাতেই রাজুর বাড়িতে ছুটে যান ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। বুধবার দুপুরে সাংবাদিকদের কাছে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের চোরাগোপ্তা হামলায় রাজু মোল্লাকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, এ ধরনের নৈরাজ্য, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের পরিণতি কখনো ভালো হবে না। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ জমা দেওয়া হয়নি। তবে পুলিশ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, নিহত রাজু মোল্লার মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx