ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরে এসেছে দাবি করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর রাজনৈতিক অবস্থানের ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বিএনপি গণতন্ত্র ও শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে; তবে সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে। পাড়া-মহল্লা থেকে শুরু করে রাজপথের প্রতিটি জায়গায় তাদের প্রতিহত করা হবে।
আজ (বুধবার, ১৮ নভেম্বর) বিকেলে ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা কৃষকদলের নেতা রাজ মোল্লা হত্যাকাণ্ড এবং সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘ফ্যাসিস্টরা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র ধ্বংস করেছিল। গত ১৭ বছর শেখ হাসিনার রাজনীতি ছিল এভাবেই। দেশে একটি বিপ্লবের মধ্য দিয়ে আজ গণতন্ত্র ফিরে এসেছে। অথচ আওয়ামী লীগের নেতারা বিদেশে বসে ফুর্তি করছেন এবং দেশ নিয়ে ষড়যন্ত্র করছেন।’ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, ‘ধৈর্যের একটা শেষ আছে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। তাদের মতো সন্ত্রাসের মাধ্যমে রাজনীতি করতে চাই না, আমরা শান্তি চাই। কিন্তু তারা জোর করে সন্ত্রাসের রাজনীতি করতে চায়। অন্যের আশ্রয়-প্রশ্রয়ে থেকে দেশের ভেতরে অরাজকতা সৃষ্টি করছে। তাদের অবৈধ কর্মকাণ্ড দেশের মানুষ মেনে নেবে না। পাড়া-মহল্লা থেকে শুরু করে রাস্তাঘাটসহ প্রতিটি জায়গায় তাদের প্রতিহত করা হবে।’ আওয়ামী লীগের বিরুদ্ধে সহিংসতা ও অর্থ পাচারের অভিযোগ তুলে বিএনপির এই নেতা আরও বলেন, ‘আওয়ামী লীগের নেতারা অবৈধ কালো টাকা ছড়িয়ে মানুষ হত্যা, বোমাবাজি এবং পুলিশের গাড়ি, ট্রাক, বাস ও অফিস-আদালতে অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ড চালাচ্ছেন। বিএনপির রাজনীতিতে আগুন-সন্ত্রাসের কোনো স্থান নেই। দীর্ঘ সময় ক্ষমতায় থেকে আওয়ামী লীগের মন্ত্রীরা বিদেশে টাকা পাচার করে দেশের রাজকোষ শূন্য করে দিয়ে গেছেন।’
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘যারা ভোটের রাজনীতিতে বিশ্বাস করে না, তারাই জনগণের ওপর হামলা চালায়। যারা রাতের অন্ধকারে এভাবে হামলা করতে আসে, তাদের বিষদাঁত ভেঙে দিতে হবে।’
ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার সেলিমুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে নিহত কৃষকদল নেতা রাজ মোল্লার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অবরোধ কর্মসূচি চলাকালে দুর্বৃত্তদের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজ মোল্লা নিহত হন বলে দলীয় সূত্রে জানা গেছে। এ সময় তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এ হত্যাকাণ্ড ও সহিংসতার প্রতিবাদে বিএনপির পক্ষ থেকে এ সমাবেশের আয়োজন করা হয়।

