দীর্ঘদিনের জমিসংক্রান্ত বিরোধের অবসান ঘটিয়ে আদালতের ডিক্রি বাস্তবায়নের মাধ্যমে জমির দখল বুঝিয়ে দেওয়া হয়েছে ডিক্রিধারীকে। আজ (মঙ্গলবার, ১৭ নভেম্বর) ফরিদপুর সদর উপজেলার কোতোয়ালি থানাধীন ডোমরাকান্দি মৌজায় আদালতের নাজির, অ্যাডভোকেট কমিশনার ও পুলিশের উপস্থিতিতে এ কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় ঢাকঢোল পিটিয়ে এবং জমিতে লাল কাপড় টানিয়ে দখল হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, ফরিদপুর সদর সিনিয়র সহকারী জজ আদালতের দেওয়ানি মামলা নম্বর ৮৩/২০১০-এর বাদী ছিলেন ফেলু বিশ্বাস। মামলায় ইয়াদ আলীসহ একাধিক ব্যক্তি বিবাদী ছিলেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২২ সালের ২৩ মে আদালত বাদীর পক্ষে রায় ও ডিক্রি প্রদান করেন।
পরবর্তী সময়ে আদালতের ওই রায় ও ডিক্রি বাস্তবায়নের জন্য দেওয়ানি জারি মামলা নম্বর ১৪/২০২২ দায়ের করা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালত ডিক্রিধারীকে জমির দখল বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় আদালতের ১ নভেম্বর ২০২৬ তারিখের আদেশে ডোমরাকান্দি মৌজার ১০১ নম্বর জমির দখল হস্তান্তরের জন্য ১৭ নভেম্বর দিন ধার্য করা হয়। এ কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা জজ আদালতের নাজিরকে পুলিশি সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
নির্ধারিত দিনে আদালতের নাজির এ কে এম রফিকুল ইসলাম, অ্যাডভোকেট কমিশনার জুনায়েদ বিন নাসির এবং সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে জমি পরিমাপ, সীমানা নির্ধারণ ও প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ডিক্রিধারীকে জমির দখল বুঝিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে অ্যাডভোকেট কমিশনার জুনায়েদ বিন নাসির বলেন, “আদালতের নির্দেশে স্বচ্ছতা ও নিয়মতান্ত্রিকভাবে আজ নালিশি জমি পরিমাপ করা হয়েছে। আইনগত সব প্রক্রিয়া অনুসরণ করে সীমানা নির্ধারণের পর ডিক্রিধারীকে জমির দখল বুঝিয়ে দেওয়া হয়েছে।”
আদালতের নাজির এ কে এম রফিকুল ইসলাম বলেন, “দেওয়ানি জারি মামলার ডিক্রি বাস্তবায়নে আদালতের নির্দেশনা অনুসরণ করা হয়েছে। উভয় পক্ষের উপস্থিতিতে এবং পুলিশ প্রশাসনের সহায়তায় সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আদালতের আদেশ বাস্তবায়ন করা হয়েছে।”
দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের মাধ্যমে জমির দখল ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেন মো. আক্কাস বিশ্বাস। তিনি বলেন, “বছরের পর বছর ধরে আদালতের দ্বারে দ্বারে ঘুরেছি। আজ আদালতের মাধ্যমে আমার হক ফিরে পেয়েছি। ঢাকঢোল বাজিয়ে এই দখল পাওয়ার মধ্য দিয়ে আমাদের দীর্ঘদিনের বঞ্চনা ও হয়রানির অবসান ঘটল। আমি ন্যায়বিচার পেয়ে অত্যন্ত আনন্দিত ও স্বস্তিবোধ করছি।”
আদালতের নথি অনুযায়ী, দেওয়ানি জারি মামলা নম্বর ১৪/২০২২-এর রায় ও ডিক্রি বাস্তবায়নের অংশ হিসেবেই এ দখল হস্তান্তর করা হয়েছে। দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির পর আদালতের নির্দেশে ঢাকঢোল পিটিয়ে ও লাল কাপড় টানিয়ে জমির দখল বুঝিয়ে দেওয়ার ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।


