অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেছিলেন তিনি। সড়ক সংস্কার ও পুনর্নির্মাণকাজে দুর্নীতির খবর প্রকাশ করে রোষানলে পড়তে হয়েছিল তাঁকে। শেষ পর্যন্ত কর্মস্থলেই নির্মম হত্যাকাণ্ডের শিকার হন দৈনিক সমকালের ফরিদপুর ব্যুরোপ্রধান সাংবাদিক গৌতম দাস। তাঁর মৃত্যুর ২১ বছর পেরিয়ে গেলেও সহকর্মী ও সাংবাদিকদের হৃদয়ে তিনি আজও সাহসী সাংবাদিকতার প্রতীক হয়ে আছেন।
আজ (মঙ্গলবার, ১৭ নভেম্বর) গৌতম দাসের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুর প্রেসক্লাব আয়োজিত স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। দুপুর ১টায় প্রেসক্লাবের মরহুম সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন মোল্যা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে গৌতম দাসের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
স্মরণসভায় বক্তারা বলেন, তৎকালীন সময়ে ফরিদপুর শহরের প্রধান সড়ক মুজিব সড়কের সংস্কারকাজে অনিয়ম ও দুর্নীতি নিয়ে সাহসিকতার সঙ্গে সংবাদ প্রকাশ করেছিলেন গৌতম দাস। ওই সংবাদ প্রকাশের জেরে সংশ্লিষ্ট ঠিকাদার গোষ্ঠী ও তাদের সহযোগী সন্ত্রাসীরা তাঁর ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে। একপর্যায়ে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থানের কারণে তাঁকে জীবন দিতে হলেও তাঁর সাহসিকতা সাংবাদিক সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
গৌতম দাসের কর্মজীবনের স্মৃতিচারণা করে তাঁর তৎকালীন সহকর্মী ও সমকালের স্থানীয় প্রতিনিধি হাসানউজ্জামান বলেন, “আমরা তিন মাস একসঙ্গে কাজ করেছি। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। এ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে তখন সারাদেশের সাংবাদিকেরা আন্দোলন করেছিলেন। যার কারণে অল্প সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার ও অভিযোগপত্র দেওয়া সম্ভব হয়েছিল।”
সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদী বলেন, গৌতম দাস ছিলেন সাদাসিধে ও ভালো মনের মানুষ। অফিসে একটি চৌকি পেতে সেখানেই রাত কাটাতেন। সড়ক সংস্কারের অনিয়ম নিয়ে তাঁর প্রকাশিত সংবাদ ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। এরপর সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁর ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁর এমন মৃত্যু ছিল অত্যন্ত অনাকাঙ্ক্ষিত।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী বলেন, “গৌতম দাস রক্তে-মাংসে একজন সাহসী সাংবাদিক ছিলেন। তিনি আমাদের আদর্শ। তাঁকে অনুসরণ করতে পারলে সাংবাদিকতা পেশার যথার্থ মূল্যায়ন হবে।”
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তব্য দেন সাংবাদিক পান্না বালা, সাজ্জাদ হোসেন রনি, মাসুদুর রহমান তরুণ এবং সমকাল সুহৃদ সমাবেশ ফরিদপুরের সাধারণ সম্পাদক আবরাব নাদিম ইতু।
১৯৭৪ সালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চন্ডিদাসদী গ্রামে জন্মগ্রহণ করেন গৌতম দাস। তিনি দৈনিক সমকালের ফরিদপুর ব্যুরোপ্রধান হিসেবে দায়িত্ব পালন করতেন। পত্রিকার কার্যালয়েই রাত যাপন করতেন তিনি। ২০০৫ সালের ১৭ নভেম্বর ভোরে দুর্বৃত্তরা ওই কার্যালয়ে প্রবেশ করে তাঁকে শ্বাসরোধে হত্যা করে।
এ ঘটনায় ওই দিনই সমকালের পক্ষে ফরিদপুর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন স্থানীয় প্রতিনিধি হাসানউজ্জামান। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৩ সালের ২৭ জুন ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূরউদ্দিন এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে নয় আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
এদিকে মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে ভাঙ্গার চন্ডিদাসদী গ্রামে গৌতম দাসের সমাধিতে সমকাল সুহৃদ সমাবেশ, প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। তাঁর ভাইবোনদের উদ্যোগে গ্রামে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ ছাড়া তাঁর স্ত্রী দীপালী দাসের উদ্যোগে দুপুরে ফরিদপুর শহরের বান্ধবপল্লী ও শ্রীঅঙ্গনে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, প্রার্থনা এবং শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
দুই দশকের বেশি সময় পেরিয়ে গেলেও গৌতম দাসের হত্যাকাণ্ড সাংবাদিক সমাজকে বারবার মনে করিয়ে দেয়—সত্য প্রকাশের সাহসই একজন সাংবাদিকের সবচেয়ে বড় শক্তি।


