পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজ ক্যাম্পাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের বিভিন্ন ক্যাম্পাস ও ছাত্রাবাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে কলেজ ছাত্রদল। আজ সকালে আয়োজিত এ কর্মসূচিতে সরকারি রাজেন্দ্র কলেজের শহর ক্যাম্পাস, বায়তুল আমান ক্যাম্পাস এবং কলেজের বিভিন্ন ছাত্রাবাসে নানা প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক এম এ হালিমসহ কলেজের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় কলেজ ছাত্রদলের নেতাকর্মীরাও বৃক্ষরোপণে অংশ নেন। আয়োজকেরা জানান, পরিবেশের সুরক্ষা ও সবুজায়নের পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।


