প্রবীণদের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে সমাজ ও দেশের উন্নয়নে তাঁদের আরও বেশি সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ‘দীর্ঘায়িত আয়ু, সুস্থ ও মর্যাদাপূর্ণ বার্ধক্য’ প্রতিপাদ্যে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও বিভিন্ন এনজিওর যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ এহিয়াতুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, প্রবীণরা পরিবার, সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ। তাঁদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা ও অর্জিত জ্ঞান নতুন প্রজন্মের জন্য অত্যন্ত মূল্যবান। তাই প্রবীণদের অবহেলা না করে তাঁদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তাঁদের সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের পরিবেশ তৈরি করতে পরিবার ও সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, প্রবীণদের স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ও মানসিক সুস্থতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। তাঁদের পারিবারিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখার পাশাপাশি আধুনিক ডিজিটাল সেবার সঙ্গে তাঁদের পরিচিত করে তুলতে উদ্যোগ নিতে হবে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইউম জঙ্গী, জেলা সমাজসেবা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা অনুপ কুমার ঠাকুর, এফডিএর ফরিদপুরের আজহারুল ইসলাম, ফরিদপুর ডায়াবেটিস সমিতির সাবেক সভাপতি অধ্যাপক এম এ সামাদ, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসানসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধি ও প্রবীণরা উপস্থিত ছিলেন।
এর আগে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে একটি র্যালি অনুষ্ঠিত হয়।

