ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল।
শুক্রবার (২ অক্টোবর) দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে তিনি এলাকার উন্নয়ন-চাহিদা সম্পর্কে খোঁজ নেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে চলাচলের জন্য প্রয়োজনীয় রাস্তাঘাটের উন্নয়নকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হিসেবে উঠে আসার কথা জানান সংসদ সদস্য।
শহিদুল ইসলাম বাবুল বলেন, দীর্ঘ ১৭-১৮ বছর ধরে এলাকার মানুষ রাস্তাঘাট উন্নয়নের নানা প্রতিশ্রুতি শুনে আসছেন। তবে অনেক এলাকার মানুষের এই মৌলিক চাহিদা এখনো পূরণ হয়নি। তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলায় কয়েকশ রাস্তার উন্নয়নকাজ শুরু ও বাস্তবায়ন করা হয়েছে। এর মধ্যে অনেক প্রকল্পের কাজ চলমান রয়েছে।
বাকি রাস্তাগুলোর উন্নয়নকাজও পর্যায়ক্রমে শুরু করা হবে উল্লেখ করে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। এলাকার মানুষের জীবনযাত্রা সহজ করা এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নে তাঁর প্রচেষ্টা অব্যাহত থাকবে। এলাকার সড়ক যোগাযোগের উন্নয়ন হলে কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থী ও সাধারণ মানুষের যাতায়াতসহ স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

