শিক্ষার আলো প্রতিটি ঘরে পৌঁছে দিতে শিশুদের প্রাথমিক শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক ও সৃজনশীল বিকাশের সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। তিনি বলেছেন, ‘শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে। শিশুদের প্রাথমিক শিক্ষার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি তাদের সাংস্কৃতিক ও সৃজনশীল বিকাশে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একটি সুন্দর, শিক্ষিত ও আলোকিত প্রজন্ম গড়ে তুলতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
আজ (শনিবার, ৩ অক্টোবর) ফরিদপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মোহাজীর কলোনিতে পৌরসভা প্রতিষ্ঠিত ‘পৌর প্রাক-প্রাথমিক বিদ্যালয় ও সাংস্কৃতিক কেন্দ্র’-এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চৌধুরী নায়াব ইউসুফ বলেন, কোমলমতি শিশুদের মেধা ও মননশীলতার বিকাশে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়, সুস্থ সংস্কৃতিচর্চারও প্রয়োজন রয়েছে। প্রান্তিক ও জনবহুল এলাকার শিশুরা যেন ছোটবেলা থেকেই মানসম্মত শিক্ষা ও ইতিবাচক পরিবেশে বেড়ে উঠতে পারে, এ লক্ষ্যেই প্রাক-প্রাথমিক বিদ্যালয় ও সাংস্কৃতিক কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে ফরিদপুর পৌরসভার কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষাবিদ, মোহাজীর কলোনির অভিভাবক ও শিশুরা উপস্থিত ছিলেন। নতুন এই শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান চালুর ফলে এলাকার শিশুদের মানসিক ও সৃজনশীল বিকাশের সুযোগ বাড়বে বলে আশা প্রকাশ করেন সুধীজনেরা। একই সঙ্গে এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে শিক্ষার পরিবেশ আরও সম্প্রসারিত হবে বলেও তারা মন্তব্য করেন।

