ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় গাড়ি পার্কিং নিয়ে বাগবিতণ্ডার জেরে পথচারীকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় মো. হামিদুল গাজী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালী মান্দা গ্রামের নিজ বাড়ির একটি পরিত্যক্ত শৌচাগার থেকে ঘটনায় ব্যবহৃত .২২ বোরের একটি রিভলবার উদ্ধার করা হয়েছে।
আজ (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) ফরিদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ১৭ আগস্ট রাতে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে এক্সপ্রেসওয়ের ওপর গাড়ি পার্কিংকে কেন্দ্র করে এক পথচারীর সঙ্গে হামিদুল গাজীর বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে প্রাইভেটকারে বসে থাকা অবস্থায় তিনি ওই পথচারীকে লক্ষ্য করে রিভলবার দিয়ে দুই রাউন্ড গুলি ছোড়েন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।
এ ঘটনায় অনুসন্ধানের পর গত ১০ সেপ্টেম্বর ভাঙ্গা থানায় অস্ত্র ও হত্যাচেষ্টা আইনে মামলা করা হয়। মামলার তদন্তের ধারাবাহিকতায় ১৫ সেপ্টেম্বর রাজধানীর বনানী এলাকায় র্যাব-১-এর সহায়তায় হামিদুল গাজীকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়। গাড়িতে থাকা শিমু আক্তার তিশা নামে এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়।
পরে গ্রেপ্তার হামিদুল গাজীর দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ লৌহজংয়ের গোয়ালী মান্দা গ্রামে অভিযান চালায়। সেখানে তাঁর দেখিয়ে দেওয়া পরিত্যক্ত শৌচাগার থেকে সাক্ষীদের উপস্থিতিতে রিভলবারটি উদ্ধার ও জব্দ করা হয়।
পুলিশের তথ্যমতে, হামিদুল গাজীর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যাচেষ্টা ও অস্ত্র আইনসহ মোট নয়টি মামলা রয়েছে। ঘটনার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

