দেশের শিল্প খাতের চলমান সংকট কাটিয়ে দ্রুততম সময়ের মধ্যে পূর্বের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। একই সঙ্গে এ খাতের সংকট নিরসনে একটি টেকসই ও স্থায়ী সমাধান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানান তিনি।
আজ (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) অফিসিয়াল ফেসবুক পেজে এক বক্তব্যে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, জাতীয় অর্থনীতির চাকা সচল রাখতে শিল্প খাতের ভূমিকা অপরিসীম। এ কারণে বর্তমান সরকার শিল্প কারখানার উৎপাদন পরিবেশ ও স্বাভাবিক গতিশীলতা বজায় রাখা এবং সংকট কাটিয়ে ওঠাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, সাময়িক কোনো সমাধান নয়, বরং শিল্পের বিকাশে দীর্ঘমেয়াদি ও টেকসই পরিবেশ তৈরি করাই সরকারের প্রধান লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় সব ধরনের নীতিগত ও সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে। সরকারের এসব সময়োপযোগী পদক্ষেপে খুব দ্রুতই শিল্প খাতে পূর্ণ স্বাভাবিকতা ও স্থায়িত্ব ফিরবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

