আন্দোলন-সংগ্রামে যারা হামলা-মামলা ও নানা নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন এবং দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছেন, তাদের যথাযথ মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
আজ (রোববার, ৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় ফরিদপুরের ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ মাঠে উপজেলা ও পৌর মহিলা দলের যৌথ কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শহিদুল ইসলাম বাবুল বলেন, দলের দুঃসময়ে যারা সাহসিকতার সঙ্গে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন, তাদের অবদান কখনোই ভুলে যাওয়ার সুযোগ নেই। বিশেষ করে নারী নেতাকর্মীরা প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতেও দলের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের যথাযথ মর্যাদা ও মূল্যায়ন নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক ও সামাজিক উন্নয়নে নারীদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীদের অধিকার প্রতিষ্ঠা এবং সাংগঠনিক কর্মকাণ্ডে তাদের আরও সক্রিয় ভূমিকা রাখার সুযোগ তৈরি করতে হবে। বিগত ১৬ বছরের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ওই সময়ে উন্নয়নের নামে দুর্নীতি, লুটপাট ও নৈরাজ্য হয়েছে বলে অভিযোগ রয়েছে। দেশের গণতান্ত্রিক পরিবেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ভাঙ্গা উপজেলা মহিলা দলের সভাপতি নার্গিস আক্তারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। এ ছাড়া উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিপুলসংখ্যক নারী নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কলেজ মাঠে সম্মেলনটি বড় সমাবেশে পরিণত হয়।

