ফরিদপুর ও রাজবাড়ী জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২ হাজার ৮১৭ কোটি ৭৩ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। এ প্রকল্পের আওতায় ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের তিন উপজেলায় প্রায় সাড়ে ৪০০ কোটি টাকার উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন ফনরদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ তথ্য জানান।
ভাঙ্গায় কৃষক দলের নেতা রাজু মোল্লা হত্যাকাণ্ডের ঘটনায় শোক ও ক্ষোভের মধ্যে এলাকার উন্নয়নসংক্রান্ত এ খবরকে আশাব্যঞ্জক হিসেবে উল্লেখ করেন তিনি। সরকারি নথিপত্র অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য উপস্থাপিত প্রকল্পের তালিকার তিন নম্বরে রয়েছে ‘ফরিদপুর ও রাজবাড়ী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প’। প্রকল্পটির বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩১ সালের ডিসেম্বর পর্যন্ত। স্থানীয় সরকার বিভাগ প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে।
সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুলের দেওয়া তথ্য অনুযায়ী, প্রকল্পের আওতায় ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন করা হবে। বিশেষ করে ভাঙ্গা উপজেলার সার্বিক অবকাঠামোগত উন্নয়নে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পের আওতায় গ্রামীণ সড়ক ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণসহ জনসাধারণের চলাচল এবং কৃষিপণ্য পরিবহনে সুবিধা সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে। এসব কাজ বাস্তবায়িত হলে প্রত্যন্ত অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যোগাযোগসংক্রান্ত দুর্ভোগ কমার পাশাপাশি কৃষি ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সংসদ সদস্য আরও জানান, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে প্রকল্পের কাজের দরপত্র আহ্বানের প্রক্রিয়া শুরু হতে পারে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে পর্যায়ক্রমে উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে। এ প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য তিনি এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, ভাঙ্গার পুখুরিয়া এলাকার কৃষক দলের উপজেলা সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। এমন পরিস্থিতিতে একনেক সভার সরকারি নথি ও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের বার্তার মাধ্যমে এলাকার উন্নয়ন প্রকল্পের খবরটি সামনে আনেন সংসদ সদস্য।

