Saturday, 21 November 2026
  • Home  
  • মুকসুদপুর থানা থেকে ৪ শতাধিক অস্ত্র উদ্ধার, পুরস্কার পাচ্ছে সালথা থানা
- ফরিদপুর জেলার খবর

মুকসুদপুর থানা থেকে ৪ শতাধিক অস্ত্র উদ্ধার, পুরস্কার পাচ্ছে সালথা থানা

দাউ দাউ করে জ্বলছে আগুন, বাইরে চলছে ব্যাপক ভাঙচুর ও বিক্ষুব্ধ জনতার তীব্র উত্তেজনা। এমন ভয়াবহ ও প্রতিকূল পরিস্থিতিতে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছিলেন গোপালগঞ্জের মুকসুদপুর থানার পুলিশ সদস্যরা। তীব্র শঙ্কা দেখা দিয়েছিল থানার অস্ত্রাগারে সংরক্ষিত বিপুলসংখ্যক আগ্নেয়াস্ত্রের নিরাপত্তা নিয়ে। ঠিক সেই সংকটময় মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে পাশের জেলা ফরিদপুর থেকে ছুটে যায় সালথা থানা পুলিশ। […]

দাউ দাউ করে জ্বলছে আগুন, বাইরে চলছে ব্যাপক ভাঙচুর ও বিক্ষুব্ধ জনতার তীব্র উত্তেজনা। এমন ভয়াবহ ও প্রতিকূল পরিস্থিতিতে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছিলেন গোপালগঞ্জের মুকসুদপুর থানার পুলিশ সদস্যরা। তীব্র শঙ্কা দেখা দিয়েছিল থানার অস্ত্রাগারে সংরক্ষিত বিপুলসংখ্যক আগ্নেয়াস্ত্রের নিরাপত্তা নিয়ে। ঠিক সেই সংকটময় মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে পাশের জেলা ফরিদপুর থেকে ছুটে যায় সালথা থানা পুলিশ। দুঃসাহসিক এক অভিযানে জ্বলন্ত থানার ভেতর থেকে ৪০০টির বেশি সরকারি ও ব্যক্তিমালিকানাধীন অস্ত্র নিরাপদে উদ্ধার করে ফরিদপুর পুলিশ লাইনে নিয়ে আসেন তারা।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খানের নেতৃত্বে এই শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালিত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বেলা সাড়ে ১১টার দিকে একদল দুর্বৃত্ত মুকসুদপুর থানায় অতর্কিত হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। কয়েক ঘণ্টাব্যাপী চালানো এই তাণ্ডবে থানার আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং বেশ কয়েকটি সরকারি যানবাহন পুড়িয়ে দেওয়া হয়। আগুনের লেলিহান শিখায় থানার ব্যাপক ক্ষয়ক্ষতি হলে অস্ত্রাগারে থাকা অস্ত্রগুলো লুট বা ধ্বংস হওয়ার চরম আশঙ্কা তৈরি হয়। খবর পেয়ে তাৎক্ষণিক সিদ্ধান্তে সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য ও দুটি গাড়ি নিয়ে মুকসুদপুর থানার উদ্দেশে রওনা হন। চরম ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেই তাঁরা থানায় প্রবেশ করেন এবং অস্ত্রাগারের তালা ভেঙে একে একে ৪০০টির বেশি সরকারি ও ব্যক্তিমালিকানাধীন অস্ত্র উদ্ধার করেন। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্রগুলো কড়া নিরাপত্তায় ফরিদপুর পুলিশ লাইনে নিয়ে সংরক্ষণ করা হয়।

অভিযানের বিষয়ে সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান বলেন, “বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পর থেকেই গোপালগঞ্জের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেলা সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা মুকসুদপুর থানায় হামলা ও অগ্নিসংযোগ করলে অস্ত্রাগারের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়। পেশাগত দায়িত্ববোধ থেকে সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত সেখানে পৌঁছাই এবং ঝুঁকি নিয়ে ৪ শতাধিক অস্ত্র নিরাপদে উদ্ধার করে ফরিদপুর পুলিশ লাইনে নিয়ে আসি।” এদিকে, চরম প্রতিকূল পরিস্থিতিতে অসীম সাহসিকতা, বিচক্ষণতা ও পেশাদারিত্বের পরিচয় দেওয়ায় ওসি বাবলুর রহমান খান ও তাঁর দলের সদস্যদের ভূয়সী প্রশংসা করেছে ফরিদপুর জেলা পুলিশ।

জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক অভিনন্দনবার্তায় তাঁদের এই ভূমিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী বলেন, “তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ, কর্তব্যনিষ্ঠা ও সমন্বিত কার্যক্রমের মাধ্যমে ওসি বাবলুর রহমান ও তাঁর দল বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব এবং জননিরাপত্তা রক্ষার অঙ্গীকারের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।” তাঁদের এই বীরত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করার ঘোষণাও দেন তিনি।

এ ছাড়া, ওসি বাবলুর রহমান খান ও তাঁর দলের এই সাহসিকতায় অভিনন্দন জানিয়েছে পুলিশের ২৭তম আউটসাইড ক্যাডেট (২০০৫) ব্যাচ। এক বার্তায় ব্যাচের পক্ষ থেকে জানানো হয়, দুঃসাহসিকতা ও দায়িত্ববোধের এমন অনন্য দৃষ্টান্ত পুরো ব্যাচের জন্য অত্যন্ত গর্বের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx