ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার নতুন বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি লোকাল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচাঁন শেখ (৩৪) ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কালাচাঁন শেখ ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার নুরুদ্দিন শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে নতুন বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি লোকাল বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ওই সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক কালাচাঁন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাসের ভেতর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এতে শ্বাসকষ্ট শুরু হলে বাস থেকে বের হতে না পেরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ জানান, রাত আনুমানিক ৩টার দিকে বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সাদ্দাম জানান, রাতে কালাচাঁন শেখ নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আগুনের বিষাক্ত ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মরদেহ বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ডিউটি অফিসারের সরকারি মোবাইল ফোনে যোগাযোগ করা হলে কর্মরত উপপরিদর্শক (এসআই) শম্পা জানান, অগ্নিকাণ্ডে একজনের মৃত্যুর খবর তিনি শুনেছেন। তবে এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেননি। বাসে আগুন দেওয়ার কারণ এবং এ ঘটনার পেছনে কারা জড়িত, তা নিয়ে এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে।


