কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ফরিদপুরে মোটরসাইকেল শোডাউন, অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেছে কোতোয়ালি থানা বিএনপি।
আজ (মঙ্গলবার, ১০ নভেম্বর) দুপুরে কোতোয়ালি থানা বিএনপির উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মোটরসাইকেল শোডাউনটি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোডাউনটি বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জনের নেতৃত্বে কর্মসূচিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে দলের নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। কর্মসূচিতে কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে স্থানীয় সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের নির্দেশনায় কোতোয়ালি থানা বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। কেউ যেন রাজনৈতিক অস্থিরতা কিংবা নৈরাজ্য সৃষ্টি করে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সে জন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। উল্লেখ্য, গত সোমবার রাতে ফরিদপুরের পৃথক দুটি স্থানে দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে আগুনের ধোঁয়ায় এক বাসচালকের মৃত্যু হয়। এ ঘটনার পরদিনই শহরে বিএনপির এ প্রতিবাদ কর্মসূচি পালিত হলো।

