Monday, 9 November 2026
  • Home  
  • বহুল আলোচিত দলবদ্ধ ধর্ষণ মামলায় ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড
- ফরিদপুর জেলার খবর

বহুল আলোচিত দলবদ্ধ ধর্ষণ মামলায় ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুরে বহুল আলোচিত দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার মামলায় আট আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. শাহীন শেখ (২৭), জয় শেখ (৩০), রহিম মোল্লা (২৯), মনির শেখ (৩১), হৃদয় খা (২৬), ইলিয়াছ শিকদার (৩৩), মোস্তাক শেখ […]

ফরিদপুরে বহুল আলোচিত দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার মামলায় আট আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. শাহীন শেখ (২৭), জয় শেখ (৩০), রহিম মোল্লা (২৯), মনির শেখ (৩১), হৃদয় খা (২৬), ইলিয়াছ শিকদার (৩৩), মোস্তাক শেখ (৩২) ও রিয়াজ শিকদার (২৯)। তারা সবাই ফরিদপুর সদর উপজেলার বাসিন্দা।

আজ (সোমবার, ৯ নভেম্বর) ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, সাক্ষ্য-প্রমাণ, ফরেনসিক প্রতিবেদন ও অন্যান্য নথিপত্র পর্যালোচনা করে আদালত আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় এ দণ্ডাদেশ দেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৯ সালের ২৫ ডিসেম্বর দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে ফরিদপুর সদর থানার পাল্লাঞ্জির চরের ধলারমোড় এলাকায় এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে এক যুবকের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনার দিন ওই যুবকের আমন্ত্রণে বিকেল ৩টার দিকে সেখানে যাওয়ার কথা ছিল তাঁর। তবে নির্ধারিত সময়ের আগেই তিনি ঘটনাস্থলে পৌঁছান। পরে খেয়া পার হয়ে নদীর ওপারে কাশবনের মধ্যে অবস্থানকালে একদল যুবক তাঁকে জোরপূর্বক বালুচরে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় তাঁদের একজন মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করে। পরবর্তী সময়ে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক ফরহাদ হোসেন বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচার চলাকালে আসামিদের ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দি, সাক্ষ্য-প্রমাণ এবং বিভিন্ন আলামত পর্যালোচনা করা হয়। মামলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে সিআইডির ফরেনসিক প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হয়। প্রতিবেদনে ভিডিওটির সত্যতা যাচাইয়ের পাশাপাশি এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি নয় বলে উল্লেখ করা হয়।

এ ছাড়া আসামিদের গ্রেপ্তারের পর উদ্ধার করা একটি গেঞ্জির ডিএনএ পরীক্ষার ফলাফলেও সংশ্লিষ্ট আলামতের সঙ্গে মিল পাওয়া যায় বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে। আদালত আইনের ৯(৩) ধারায় আট আসামিকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে আমৃত্যু কারাদণ্ড এবং দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পি পি) গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, তাদের প্রত্যাশা, এ দণ্ডাদেশ নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং এ ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ বার্তা দেবে। একই সঙ্গে ডিজিটাল ও ফরেনসিক প্রমাণের যথাযথ ব্যবহারের মাধ্যমে অপরাধের বিচার নিশ্চিত করার ক্ষেত্রে রায়টি তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক :

নির্বাহী সম্পাদক :

যোগাযোগ :

Email Us:nagorikbarta2026@gmail.com

হটলাইন :017xxxxxxxxxxx