ফরিদপুর পৌরসভার সম্পত্তি অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পৌর কর্তৃপক্ষ। অভিযানে শহরের গোয়ালচামট হাজরাতলা এলাকায় অবৈধ দখলে থাকা পৌরসভার প্রায় পয়েন্ট ২৫ শতাংশ (এক শতাংশের চার ভাগের এক ভাগ) জমি উদ্ধার করা হয়েছে।

আজ (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে এই অভিযান চালানো হয়। এসময় উক্ত জমিতে অবৈধভাবে গড়ে তোলা একটি ব্যবসা প্রতিষ্ঠান এসকাভেটর (ভেকু) দিয়ে ভেঙে জায়গাটি দখলমুক্ত করা হয়।
পৌরসভা সূত্রে জানা গেছে, গোয়ালচামট হাজরাতলা এলাকার বাসিন্দা কবির চৌধুরী পৌরসভার এ জমিটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে সেখানে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছিলেন। জনস্বার্থে জায়গাটি পুনরুদ্ধার করতে পৌর প্রশাসন আইনানুগ উচ্ছেদ পদক্ষেপ গ্রহণ করে।
অভিযান পরিচালনাকালে ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মোঃ হাই জকি এবং অতিরিক্ত সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার সমাজ উন্নয়ন বিষয়ক কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আহাদুজ্জামান, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. শরিফুল হাসান, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) লাইজিং হোসেন রাজু, হিসাবরক্ষক কৃষ্ণ কুমার সাহা, কনজারভেনসি পরিদর্শক বিকাশ দত্তসহ পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
পৌর কর্তৃপক্ষ জানায়, পৌরসভার সরকারি ও খাস জমি কোনো ব্যক্তির অবৈধ দখলে রাখতে দেওয়া হবে না। পৌর এলাকাকে সুশৃঙ্খল রাখতে এবং জনগণের সম্পদ ফিরিয়ে আনতে ভবিষ্যতে এ ধরনের অবৈধ দখলবিরোধী উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।


