ফরিদপুরের সড়ক পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনয়ন, নিরাপত্তা জোরদারকরণ এবং বিদ্যমান সমস্যাসমূহ নিরসনের লক্ষ্যে পরিবহন মালিক সমিতির প্রতিনিধিদের সাথে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (রবিবার, ২০ সেপ্টেম্বর) বেলা ৩টায় ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা পুলিশের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
এসময় জেলার সড়ক পরিবহন খাতের সার্বিক পরিস্থিতি, যানজট নিরসন, দুর্ঘটনা রোধ এবং সাধারণ মানুষের জন্য যাত্রীসেবার মানোন্নয়ন নিয়ে বিষদ আলোচনা করা হয়।
এছাড়া পরিবহন মালিক সমিতির প্রতিনিধিরা তাঁদের দৈনন্দিন কর্মক্ষেত্রের নানা সমস্যা, চ্যালেঞ্জ ও প্রত্যাশার কথা পুলিশ প্রশাসনের সামনে তুলে ধরেন। পুলিশ সুপারের উপস্থিতিতে সকলের বক্তব্য ও প্রস্তাবনা গুরুত্বের সাথে শোনা হয় এবং পরিবহনে শৃঙ্খলা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
বক্তব্যে পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী নিরাপদ সড়ক গড়ে তোলার জন্য ট্রাফিক আইন যথাযথভাবে মেনে চলা, ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ করা এবং লাইসেন্সবিহীন চালকদের এড়িয়ে চলার নির্দেশ দেন। পাশাপাশি যেকোনো ধরনের যাত্রী হয়রানি বন্ধে পরিবহন মালিক ও শ্রমিকদের দায়িত্বশীল ও মানবিক ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, “ফরিদপুরের সড়ক পরিবহন ব্যবস্থাকে সুশৃঙ্খল, নিরাপদ ও জনবান্ধব করতে জেলা পুলিশ সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্য অর্জনে পরিবহন সংশ্লিষ্ট সকলকে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরণের সহযোগিতা প্রদান করা হবে।”
বিশেষ এই মতবিনিময় সভায় ফরিদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ফরিদপুরের পরিবহন খাতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

