রাত পোহালেই মেয়ের বিয়ে। বাড়িতে উৎসবমুখর পরিবেশ। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এমন সময়ই ঘটলো হৃদয়বিদারক ঘটনা। বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন কনের মা।
বুধবার (২৬ আগস্ট) রাতে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ভাণ্ডারু গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রসেনা বেগম (৫০) ওই এলাকার ইলিয়াস প্রামাণিকের স্ত্রী।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২৭ আগস্ট) রসেনা বেগমের মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল। এ উপলক্ষে বুধবার রাতে বাড়িতে গরু জবাইসহ বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছিল। এরই মধ্যে পড়ে থাকা বিদ্যুতের তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন কনের মা রসেনা বেগম।
মুহূর্তেই বিয়ে বাড়ির আনন্দ শোকে পরিণত হয়। পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর বিয়ে সাময়িকভাবে পিছিয়ে দেওয়া হয়েছে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) তপন কুমার অধিকারী বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


