ফরিদপুর কোতোয়ালি থানা-পুলিশের ব্যারাক ভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে ককটেলটি ব্যারাক ভবনে না পড়ে পাশের পৌর মার্কেটের তৃতীয় তলার টিনের ছাদে পড়ে বিস্ফোরিত হয়।
শুক্রবার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে কোতোয়ালি থানার উত্তর পাশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, থানার সীমানাপ্রাচীর ঘেঁষে অবস্থিত পুলিশ সদস্যদের আবাসিক দোতলা ব্যারাক ভবন-২ লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেলটি নিক্ষেপ করে। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পার্শ্ববর্তী ফরিদপুর পৌর মার্কেটের তৃতীয় তলার টিনের ছাদে পড়ে। সেখানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর ছাদ থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। এদিকে, এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু তাঁর ফেসবুক পোস্টে লেখেন, ‘ফরিদপুরের কোতোয়ালি থানার ব্যারাক লক্ষ্য করে নিষিদ্ধ সংগঠনের ককটেল নিক্ষেপ। মার্কেটের ছাদে বিস্ফোরণ। তবু যারা বিষয়টি সিরিয়াসলি নিচ্ছেন না, একটু নজর রাইখেন।’
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’ তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।


