নিরাপদ, সুশৃঙ্খল ও বৈধ অভিবাসন নিশ্চিত করা এবং বিদেশ গমনেচ্ছুদের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ফরিদপুরে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের অংশগ্রহণে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও রাইট যশোরের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা বিএম মোজাম্মেল হোসেন, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপপরিচালক ষষ্ঠীপদ রায়, সাংবাদিক বিভাষ দত্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ছকিন উদ্দিন আহমেদ, প্রসেনজিৎ পাল, রাইট যশোরের জেলা কো-অর্ডিনেটর হারুনুর রশিদ এবং আইওএম কর্মকর্তা অমল বিশ্বাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা।
সভায় নিরাপদ অভিবাসন, বিদেশ গমনে সরকারি নিয়মকানুন অনুসরণ, বৈধ উপায়ে কর্মসংস্থানের সুযোগ গ্রহণ এবং অভিবাসনপ্রত্যাশীদের সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি অভিবাসন প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় আইওএমের ‘সিনেমা এরোনা’ কার্যক্রমের বিষয়টিও তুলে ধরা হয়।
এ কার্যক্রমের মাধ্যমে অভিবাসনসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য, সচেতনতামূলক বার্তা ও নিরাপদ অভিবাসনের বিভিন্ন দিক সাধারণ মানুষের কাছে সহজভাবে পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, সঠিক তথ্যের অভাবে অনেক বিদেশ গমনেচ্ছু ব্যক্তি প্রতারণার শিকার হচ্ছেন। দালালের প্রলোভনে পড়ে অনেকে অবৈধ পথে বিদেশ যাওয়ার চেষ্টা করেন। এতে একদিকে যেমন বিপুল পরিমাণ অর্থের ক্ষতি হচ্ছে, অন্যদিকে বিদেশে গিয়ে নানা ধরনের হয়রানি ও ঝুঁকির মুখে পড়তে হচ্ছে। এসব সমস্যা থেকে রক্ষা পেতে বিদেশ গমনেচ্ছুদের অবশ্যই সরকারি নিয়ম মেনে বৈধ প্রক্রিয়ায় বিদেশ যেতে হবে। তারা আরও বলেন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ গ্রহণের আগে সংশ্লিষ্ট দেশের আইন, কাজের ধরন, বেতন, নিয়োগ চুক্তি, ভিসা ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া জরুরি। এ ক্ষেত্রে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর ওপর নির্ভর না করে সংশ্লিষ্ট সরকারি দপ্তর থেকে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ গ্রহণ করতে হবে।
বক্তারা নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যমকর্মী ও স্থানীয় পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে বিদেশ গমনেচ্ছু ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে সচেতনতা বাড়াতে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেন।
সভায় অংশগ্রহণকারীরা নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করতে পারস্পরিক যোগাযোগ, তথ্য বিনিময় এবং সমন্বিত কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

