গ্রামীণ তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে ফরিদপুরে আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের আর্ন (EARN) প্রকল্পের ভূমিকা ও দায়িত্ববিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে প্রকল্পের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে উপজেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
আজ (মঙ্গলবার, ২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুর সদর উপজেলা পরিষদের সভাকক্ষে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে এবং আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সকিম উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী।
সভায় প্রকল্পের বিভিন্ন দিক, লক্ষ্য ও বাস্তবায়ন কার্যক্রম তুলে ধরে ভিডিওচিত্র প্রদর্শন করেন আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের আর্ন প্রকল্পের পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য দেন প্রকল্পের সদর উপজেলা ম্যানেজার নয়ন চন্দ্র দে।
সভায় বক্তারা বলেন, গ্রামীণ তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আর্ন প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে নারী ও পিছিয়ে পড়া তরুণদের চাহিদাভিত্তিক দক্ষতা প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন, বিকল্প শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির মাধ্যমে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তারা আরও বলেন, প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে ফরিদপুর সদর উপজেলার বেকার তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নতুন উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারিত হবে। এর ইতিবাচক প্রভাব পড়বে স্থানীয় অর্থনীতিতেও।
সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন। তারা সম্মিলিত সহযোগিতা, সমন্বয় ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।

