কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ও দেশের বিভিন্ন স্থানে দলটির নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি। এর আগে ভাঙ্গায় নিহত উপজেলা কৃষক দলের নেতা রাজু মোল্লার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উভয় কর্মসূচিতেই সামনে থেকে নেতৃত্ব দেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
আজ (মঙ্গলবার, ২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ভাঙ্গা পৌরসভার দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্বে মিছিলে প্রায় ২০০ থেকে ২৫০ নেতাকর্মী অংশ নেন। মিছিলটি পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু মুন্সী, পৌর বিএনপির আহ্বায়ক এম এ ওদুদ, সদস্যসচিব জাকির হোসেন, উপজেলা যুবদলের সভাপতি ওসমান মুন্সী, সাধারণ সম্পাদক গোলাম আজম, পৌর যুবদলের সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক শাওন বিশ্বাসসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া সদরপুর ও চরভদ্রাসন উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও মিছিলে শরিক হন।
এর আগে দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ভাঙ্গা উপজেলা বিএনপির উদ্যোগে নুরুল্ল্যাগঞ্জ ইউনিয়নের বাকপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। নিহত উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লার স্মরণে আয়োজিত এই মাহফিলে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল অংশ নেন। দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম বিটু মুন্সীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মরহুম রাজু মোল্লার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

